টলিপাড়ায় ফের গুঞ্জন! কাঞ্চন-শ্রীময়ীর কোলে এল দ্বিতীয় সন্তান, ছেলের কী নাম রাখলেন তারকা দম্পতি?

টলিপাড়ায় ফের একগুচ্ছ খুশির খবর। অভিনেতা কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ মল্লিকের কোল আলো করে এল তাঁদের দ্বিতীয় সন্তান। শনিবার সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টের মাধ্যমে পরিবারের এই নতুন সদস্য আসার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন খোদ অভিনেতা কাঞ্চন মল্লিক।

কাঞ্চন ও শ্রীময়ীর প্রথম সন্তান কন্যাসন্তান কৃষভি। তার জন্মের মাত্র দেড় বছরের মাথাতেই ফের মা হলেন শ্রীময়ী। পরিবারে তিন থেকে চার সদস্য হওয়ায় আনন্দে আত্মহারা এই তারকা দম্পতি। কাঞ্চন সোশাল মিডিয়ায় জানিয়েছেন যে, তাঁদের দ্বিতীয় সন্তান একটি পুত্রসন্তান। পাশাপাশি অনুরাগীদের সঙ্গে নবজাতকের নামও সকলের সামনে শেয়ার করেছেন তাঁরা।

কী লিখেছেন কাঞ্চন মল্লিক?
সোশাল মিডিয়ায় সুখবর ভাগ করে নিয়ে কাঞ্চন মল্লিক লিখেছেন, “আজ আমাদের হৃদয় ও ঘর আরেকটু পরিপূর্ণ হয়ে উঠল। কৃষভির ছোট ভাই কৃষিভ এসেছে। আমাদের ছোট্ট পরিবারটি তিনজন থেকে বেড়ে চারজন হয়ে গেল। আমাদের এই নতুন আশীর্বাদকে স্বাগত জানিয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং একসঙ্গে এই সুন্দর নতুন অধ্যায়টি শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। পরিবারে স্বাগত কৃষিভ!”

মল্লিক পরিবারের পথচলা
২০২৪ সালের ৬ মার্চ ধুমধাম করে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। ইন্ডাস্ট্রির বহু বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়েছিলেন এই বহুচর্চিত জুটি। তাঁদের বিয়ে নিয়ে টলিপাড়ায় কম চর্চা হয়নি। এরপর ওই বছরের শেষেই অর্থাৎ ২০২৪ সালের ২ নভেম্বর দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রথম কন্যাসন্তান কৃষভির জন্ম দেন শ্রীময়ী। এরপর গত বছর অক্ষয় তৃতীয়ার শুভ দিনে মেয়ের মুখ প্রকাশ্যে এনেছিলেন মল্লিক দম্পতি। বড় চোখ, টিকালো নাক আর মাথাভর্তি কালো চুলের সেই রাজকন্যের ছবি সেসময় দারুণ ভাইরাল হয়েছিল।

ঠিক যেমন প্রথমবার গর্ভাবস্থার খবর বেশ কিছুদিন গোপন রেখেছিলেন, তেমনই দ্বিতীয় সন্তান আসার খবরও একেবারে শেষ পর্যন্ত গোপনেই রেখেছিলেন শ্রীময়ী ও কাঞ্চন। তবে বেশ কিছুদিন ধরে শ্রীময়ীকে ক্যামেরার সামনে বা কোনো অনুষ্ঠানে খুব একটা দেখা যাচ্ছিল না। সোশাল মিডিয়ায় তিনি সক্রিয় থাকলেও মূলত কাঞ্চন ও মেয়ের পুরনো ছবি বা রিলই বেশি পোস্ট করতে দেখা যেত। অনুরাগীরা সেই দেখেই কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হলো। মল্লিক পরিবারে পুত্রসন্তানের আগমনে খুশির জোয়ার বইছে অনুরাগী থেকে শুরু করে টলিউডের সহকর্মীদের অন্দরেও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *