ইলিশ মাছ ধোওয়ার ভুল পদ্ধতিতেই কি স্বাদ নষ্ট হচ্ছে? জেনে নিন রাঁধুনিদের এই গোপন ট্রিকস!

ভরা বর্ষায় বাজারে রূপোলি শস্যের আনাগোনা শুরু হতেই ভোজনরসিকদের মনে খুশির আমেজ। বাজার থেকে ব্যাগ ভর্তি ইলিশ কিনে বাড়ি ফিরে সর্ষে ইলিশ, ভাপা কিংবা ক্রিস্পি ইলিশ ভাজায় মজেছেন বাঙালি। ডিম ভরা চওড়া পেটির ইলিশের সুগন্ধে এই মুহূর্তে ম ম করছে বাঙালির রান্নাঘর। তবে রান্না করার আগে মাছ ধোয়া বা ভাজার ক্ষেত্রে সামান্য কিছু ভুলের কারণে নষ্ট হয়ে যেতে পারে এই মহার্ঘ মাছের আসল স্বাদ ও সুগন্ধ।
নদীর ইলিশ বনাম সমুদ্রের ইলিশ
বাঙালির রান্নায় ইলিশ মানেই এক নস্টালজিয়া। সর্ষে ইলিশ থেকে শুরু করে ফিউশন পদ—সবক্ষেত্রেই বাজিমাত করে এই মাছ। তবে বিশেষজ্ঞদের মতে, সমুদ্রের নোনা জলের ইলিশের তুলনায় পদ্মা বা নদীর ইলিশের স্বাদ সবথেকে বেশি হয়। কারণ নদীর মিষ্টি জলের ইলিশের নিজস্ব প্রাকৃতিক ফ্যাট ও সুগন্ধ অনেক বেশি প্রখর থাকে।
কেন ইলিশ মাছ বেশি ধোয়া উচিত নয়?
ইলিশ রান্না করার সময় এর কিছু বিশেষ বৈশিষ্ট্য মাথায় রাখা অত্যন্ত জরুরি। রান্নার আগে খুব বেশি জল দিয়ে মাছ ধুলেই বিপদ!
স্বাদ ও সুগন্ধ নষ্ট: অতিরিক্ত জল দিয়ে ইলিশ মাছ ধুয়ে ফেললে এর গায়ে থাকা প্রাকৃতিক তেল ও সুগন্ধ অনেকটাই ধুয়ে চলে যায়।
সঠিক নিয়ম: বাজার থেকে কিনে আনার পর অল্প জল দিয়ে মাত্র একবারই ইলিশ মাছ ধুয়ে নেওয়া উচিত। বারবার ধোয়ার কোনো প্রয়োজন নেই।
ম্যারিনেশনের জাদুকরী টিপস
মাছ ভালো করে ধোয়ার পর জল ঝরিয়ে নিন। এরপর সামান্য নুন ও হলুদ গুঁড়ো দিয়ে মাছটি অন্তত ১৫ মিনিট ম্যারিনেট করে রেখে দিন। এর ফলে নুন ও হলুদ মাছের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে এবং রান্নার সময় স্বাদ দারুণ ফুটবে।
ইলিশ কি কড়া করে ভাজতে নেই?
অনেকেরই অভ্যাস থাকে মাছ লালচে বা কড়া করে ভাজার। কিন্তু ইলিশের ক্ষেত্রে এই ভুলটি করা একদমই চলবে না। ইলিশ মাছ কখনও কড়া করে ভাজতে নেই।
অতিরিক্ত লাল করে ভাজলে ইলিশের নিজস্ব তেল, সুগন্ধ এবং আসল স্বাদ—সবটাই নষ্ট হয়ে যায়।
তাই ইলিশ মাছ সব সময় হালকা করে ভাজতে হবে, যাতে এর আসল ঘ্রাণ এবং নরম টেক্সচার পুরোপুরি বজায় থাকে।