পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির জালে মদন মিত্রের পরিবার! সিজিও কমপ্লেক্সে হাজিরা স্ত্রী ও ছেলের!

পুর নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে হাজিরা দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্রের স্ত্রী অর্পণা মিত্র। শুক্রবার সকালেই কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডি (ED) দফতরে পৌঁছন তিনি। অর্পণা দেবীর সঙ্গে এ দিন হাজিরা দিয়েছেন তাঁর ছোট ছেলে শুভ্ররূপ মিত্রও।
কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, পুর নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চলা আর্থিক লেনদেন এবং দুর্নীতির কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই মা ও ছেলেকে তলব করা হয়েছে। এর আগে এই মামলার তদন্তে নেমে মদন মিত্রের পরিবারের কিছু আর্থিক লেনদেন এবং সম্পত্তি সংক্রান্ত নথিপত্র তদন্তকারীদের হাতে এসেছিল। সেই সমস্ত তথ্যের সত্যতা যাচাই করতেই এ দিন তাঁদের দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে শাসকদলের একাধিক প্রভাবশালী নেতার নাম জড়ানোর পর, মদন মিত্রের পরিবারের এই হাজিরা ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্র শোরগোল শুরু হয়েছে।