একঘেয়ে পনিরের ঝোল আর ভালো লাগছে না? বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলের সুস্বাদু পনির কোফতা!

নিরামিষের দিনে বাড়িতে ঠিক কী রান্না করবেন তা নিয়ে গৃহিণীদের চিন্তার শেষ থাকে না। রোজকার একঘেয়ে পনিরের ঝোল বা তরকারি খেয়ে যদি মন ভরে না থাকে, তবে আর চিন্তা না করে সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন লোভনীয় ‘পনির কোফতা’ (Paneer Kofta)। এটি যেমন সুস্বাদু, তেমনই দেখতে রাজকীয়। দেখে নিন ঝটপট এই রেসিপিটি।
প্রয়োজনীয় উপকরণ:
প্রধান উপকরণ: পনির ২০০ গ্রাম
গ্রেভির জন্য: সেদ্ধ পেঁয়াজ বাটা ৩ চা চামচ, আদা-রসুন বাটা ১ চা চামচ, কাজু-চারমগজ-ক্ষীর বাটা ৪ চা চামচ, টক দই ৪ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, জিরে গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, কাঁচা লঙ্কা বাটা ১ চা চামচ, গোটা গরম মশলা ১ চা চামচ, গরম মশলা গুঁড়ো আধ চা চামচ।
কোফতার পুরের জন্য: পেস্তা কুচি ১ চা চামচ, আমন্ড কুচি ১ চা চামচ, কাজু কুচি ১ চা চামচ, কিশমিশ ১০-১২টি, কেশর ৭-৮টি।
অন্যান্য: ক্রিম আধ কাপ, সাদা তেল ৪ চা চামচ, ঘি ১ চা চামচ, নুন ও চিনি পরিমাণ মতো।
রান্নার সহজ প্রণালী:
কোফতা তৈরি: প্রথমে পনির ভালো করে মেখে নিন। এরপর অল্প কিছুটা পনির আলাদা করে তাতে কেশর ও বাদাম কুচি মিশিয়ে কোফতার ভেতরের পুর তৈরি করে রাখুন। এবারে পনিরের ছোট ছোট লেচি কেটে তার মধ্যে ওই বাদামের পুর ও কিশমিশ পুরে গোল গোল বা চ্যাপ্টা কোফতার আকার দিন।
কোফতা ভাজা: কড়াইতে পর্যাপ্ত সাদা তেল গরম করে কোফতাগুলি হালকা বাদামি ও লালচে করে ভেজে তুলে নিন।
গ্রেভি তৈরি: কড়াইতে সামান্য ঘি ও তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিন। এরপর সেদ্ধ পেঁয়াজ বাটা ও আদা-রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন।
মশলা কষানো: মশলা থেকে তেল ছাড়লে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, পরিমাণ মতো নুন ও সামান্য চিনি দিয়ে ভাল করে কষতে থাকুন। এরপর কাজু-চারমগজ-ক্ষীর বাটা ও টক দই দিয়ে মশলাটি ভালোভাবে নাড়াচাড়া করুন।
শেষের ধাপ: মিনিট দুয়েক বাদে দুধে ভেজানো কেশর ও ক্রিম দিয়ে গ্রেভি ফুটতে দিন। মশলা থেকে তেল ভেসে উঠলে ভেজে রাখা পনিরের কোফতাগুলি গ্রেভিতে দিয়ে ঢাকা দিন। নামানোর আগে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন।
বাস, তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পনির কোফতা! লুচি, পরোটা বা পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন এই রাজকীয় পদটি।