খড়গপুর শাখায় বড় ধাক্কা! আগামী ২৯ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত বাতিল একগুচ্ছ গুরুত্বপূর্ণ ট্রেন!

দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হওয়ায় যাত্রীদের জন্য বড়সড় ধাক্কা। খড়গপুর শাখার অন্তর্গত নারায়ণগড়-ভদ্রখ তৃতীয় লাইন সম্প্রসারণ (Third Line Expansion) এবং বালেশ্বর স্টেশনে ইয়ার্ড রিমডেলিংয়ের (Yard Remodeling) মতো গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে রেল। এর জেরে আগামী ২৯ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত দীর্ঘ দু’সপ্তাহ একাধিক গুরুত্বপূর্ণ মেমু ও এক্সপ্রেস ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোন কোন ট্রেনগুলি বাতিল করা হয়েছে?
ভারতীয় রেলের খড়গপুর ডিভিশনের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রায় কুড়ি জোড়া এক্সপ্রেস ও মেমু ট্রেন এই সময়ের জন্য সম্পূর্ণ বাতিল থাকবে। এর মধ্যে উল্লেখযোগ্য ট্রেনগুলি হলো:

মেমু ট্রেন: ৬৮০৪৯/৬৮০৫০ খড়্গপুর-ভদ্রক-খড়্গপুর মেমু, ৬৮০৫১/৬৮০৫২ বালেশ্বর-ভদ্রক-বালেশ্বর মেমু, ৬৮০২১/৬৮০২২ খড়্গপুর-বালেশ্বর-খড়্গপুর এবং ৬৮৪০৭/৬৮৪০৮ বালেশ্বর-ভুবনেশ্বর-বালেশ্বর মেমু।

এক্সপ্রেস ট্রেন: ১২৭০৩/১২৭০৪ হাওড়া-সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস, ১২৮২১/১২৮২২ হাওড়া-পুরী-হাওড়া এক্সপ্রেস এবং ২২৬০৩/২২৬০৪ হাওড়া-ভিল্লিপুরম-হাওড়া এক্সপ্রেস প্রভৃতি।

রুট পরিবর্তন ও শর্ট টার্মিনেশন
শুধু ট্রেন বাতিল করাই নয়, এই মেগা ব্লকের জেরে বেশ কিছু দূরপাল্লার ট্রেনের যাত্রাপথেও বড় পরিবর্তন আনা হয়েছে। আনন্দবিহার-পুরী নীলাচল এক্সপ্রেস এবং নিউ দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেনগুলি নির্ধারিত রুটের পরিবর্তে ঘুরপথে (Diversion) চলাচল করবে। পাশাপাশি, কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত (Short Termination) করা হয়েছে বলে জানিয়েছেন খড়গপুর ডিভিশনের জনসংযোগ আধিকারিক নিশান্ত কুমার।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিকাঠামো আধুনিকীকরণের স্বার্থেই এই সাময়িক অসুবিধা তৈরি হচ্ছে। তাই ২৯ জুলাই থেকে ১২ আগস্টের মধ্যে যাঁদের যাতায়াতের পরিকল্পনা রয়েছে, তাঁরা বাড়ি থেকে বেরোনোর আগে ট্রেনের বর্তমান লাইভ স্ট্যাটাস ও সময়সূচি ভালো করে দেখে নিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *