“অরিজিত্‍ জিয়াগঞ্জে ফিরলেই বিক্ষোভ”-বিজেপি বিধায়কের চরম হুমকির মুখে অরিজিৎ সিং

আরজি কর কাণ্ডের প্রতিবাদে সুর চড়ানোর পর এবার ককরোচ জনতা পার্টির (CJP) নেতৃত্বে চলা পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বিতর্কে জড়ালেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। দিল্লি পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলায় জিয়াগঞ্জের এই গায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন জঙ্গিপুরের বিজেপি বিধায়ক চিত্ত মুখোপাধ্যায়। এমনকী, অরিজিৎ জিয়াগঞ্জে ফিরলেই তাঁকে বয়কট ও বিক্ষোভ দেখানোর ডাক দিয়েছেন ওই বিধায়ক।

ঠিক কী লিখেছেন বিজেপি বিধায়ক?

জঙ্গিপুরের বিজেপি বিধায়ক চিত্ত মুখোপাধ্যায় নিজের ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, “অরিজিৎ সিং জিয়াগঞ্জে ফিরলেই বিক্ষোভ দেখানো উচিত এবং ওকে বয়কট করা উচিত। ওখানে রাষ্ট্রবাদী মানুষের সংখ্যা কম।” বিধায়কের এই পোস্ট প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় চরম শোরগোল শুরু হয়। গায়কের বহু অনুরাগী ও ফ্যান পেজ এই পোস্টের তীব্র প্রতিবাদ জানান। কমেন্ট বক্সে নানা কুরুচিকর মন্তব্যও উঠে আসে। এর পাল্টা প্রতিক্রিয়ায় বিধায়ক আবার লেখেন, “যারা এতক্ষণ ধরে জঘন্য ভাষায় নিজ নিজ সংস্কার ও বংশ পরিচয় দিলেন, তাদের কোনও কথাই গ্রহণ করলাম না। কোনও ভারত বিরোধী ছাড়া ওই অসভ্যতামি কোনও ভদ্রলোক সমর্থন করতে পারে না।”

কেন বিতর্কে জড়ালে অরিজিৎ?

গত সোমবার CJP-র নেতৃত্বে পড়ুয়াদের ‘সংসদ অভিযান’ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি। বিক্ষোভকারীদের হটাতে দিল্লি পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করে। সেই ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিও সামনে আসতেই দেশজুড়ে শুরু হয় সমালোচনার ঝড়।

এই পরিস্থিতিতে নিজের এক্স (তৎকালীন টুইটার) হ্যান্ডেলে একাধিক পোস্ট করে সরব হন অরিজিৎ সিং। দিল্লি পুলিশের কঠোর ভূমিকার নিন্দা করে তিনি লেখেন:

  • “বাহ! উর্দির আড়ালে গুণ্ডার মতো আচরণ।”

  • “এবার তো ছাত্রছাত্রীদেরও মারধর করা হচ্ছে। দিল্লি পুলিশের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি কোনও লজ্জা নেই? আর এই নেতামন্ত্রীরা কি নিজেদেরই ভগবান ভাবতে শুরু করেছেন? কী চলছে এসব!”

শেষে ‘হর হর মহাদেব’ ধ্বনি দিয়ে তিনি এও সতর্ক করে দেন যে, “সব মনে রাখা হবে, ভুলে যাবেন না পরিবর্তনই একমাত্র ধ্রুব সত্য।”

ভক্তের ক্ষোভ ও অরিজিতের কড়া জবাব

অরিজিতের এই রাজনৈতিক ও সামাজিক অবস্থান মেনে নিতে পারেননি তাঁর এক অনুরাগী। ওই ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে লেখেন, “বিষয়টা CJP বা সরকার নয়। কিন্তু আপনার প্রতি আমার যা শ্রদ্ধা ছিল, সব হারিয়ে গেল… এখন আপনাকে মন থেকে ঘৃণা করি আমি।”

এর অত্যন্ত পরিপক্ব ও স্পষ্টবাদী জবাব দেন অরিজিৎ সিং। তিনি লেখেন:

“কে আমায় সম্মান করল, আর কে নয়, সেটা নিয়ে আমি চিন্তিত নই। অন্যের মতামত নিয়েও আমি ভাবিত নই, কারণ প্রত্যেকের নিজস্ব মতামত আছে। আপনি আপনার ভক্ত বলে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলতে আমি মোটেই বাধ্য নই। কিন্তু ব্যক্তি হিসেবে আপনার কাছে ক্ষমা চাইছি। আমার কথা হয়তো আপনাকে আঘাত দিয়েছে। কিন্তু আমি ভীষণই রেগে আছি। আমাকে স্বাধীন হওয়ার জন্য ক্ষমা করবেন। আপনি চাইলে আমার সমস্ত প্লেলিস্ট ডিলিট করে দিতে পারেন। আমার উপস্থিতি ভুলে যেতে পারেন। ভাল থাকুন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *