SC-ST-OBC-শংসাপত্র পেতে জমির দলিল বাধ্যতামূলক নয়, বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্যের

জাতিগত শংসাপত্র (Caste Certificate) পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের হয়রানি কমাতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এ বার থেকে জাতিগত শংসাপত্র পেতে আর জমির দলিল বাধ্যতামূলক নয় বলে স্পষ্ট জানিয়ে দিল রাজ্য অনগ্রসর কল্যাণ দপ্তর। নতুন বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশিকা কার্যকর করার কথা বলা হয়েছে।
কী বলা হয়েছে নতুন বিজ্ঞপ্তিতে?
গত কয়েক দিন ধরে বিভিন্ন জেলা ও মহকুমা আধিকারিকদের পক্ষ থেকে জাতিগত শংসাপত্র যাচাইকরণের জন্য আবেদনকারীদের কাছে ১৯৫০ সালের আগের জমির দলিল বা খতিয়ান প্রমাণপত্র হিসেবে চাওয়া হচ্ছিল। কিন্তু এত পুরনো নথি সাধারণ মানুষের অনেকের কাছেই না থাকায় তা নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছিল।
এই সমস্যার সমাধান করতে অনগ্রসর কল্যাণ দপ্তর নতুন নির্দেশিকা জারি করে জানিয়েছে, শংসাপত্র যাচাইয়ের জন্য কোনওভাবেই জমির দলিল বাধ্যতামূলক নয়। মূলত ২০১৪ এবং ২০১৫ সালের সরকারি বিজ্ঞপ্তিতে থাকা নির্দেশকে ভিত্তি করেই রাজ্য জুড়ে জাতি শংসাপত্র ইস্যু ও পুনঃযাচাই প্রক্রিয়ায় এই নীতি কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
দলিলের পরিবর্তে কোন কোন বিকল্প নথি জমা দেওয়া যাবে?
জমির দলিল বাধ্যতামূলক না হলেও আবেদনকারীকে নিজেদের তপশিলি জাতি (SC), উপজাতি (ST) বা অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC) হিসেবে প্রমাণ করার জন্য বিকল্প কিছু নথি দাখিল করতে হবে। এর মধ্যে রয়েছে:
-
ভোটার কার্ড (Voter ID)
-
রেশন কার্ড (Ration Card)
-
বাবা-মা কিংবা পরিবারের বৈধ জাতিগত শংসাপত্র
-
যদি কেউ নিজের পারিবারিক বংশতালিকা বা জেনিওলজিক্যাল চার্ট (Genealogical Tree) প্রামাণ্য নথি হিসেবে দাখিল করতে পারেন, তবে তাও গ্রহণযোগ্য হবে।
প্রশাসনের এই পদক্ষেপে সাধারণ মানুষ, বিশেষ করে প্রান্তিক ও পিছিয়ে থাকা অংশের বাসিন্দারা শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের হয়রানি থেকে অনেকটাই মুক্তি পাবেন বলে মনে করা হচ্ছে।