অঙ্ক একদম জলের মতো সহজ এদের কাছে! নতুন গবেষণায় ফাঁস হল জিরাফদের অবাক করা প্রতিভা

অঙ্ক বিষয়টি অনেকের কাছেই কঠিন ঠেকলেও, প্রাণীজগতে এমন কিছু জীব রয়েছে যাদের গাণিতিক বুদ্ধিমত্তা দেখলে তাক লেগে যেতে হয়। যাঁদের এতদিন ধারণা ছিল যে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর পক্ষে অঙ্ক কষা অসম্ভব, তাঁদের সেই ভুল ধারণাকে পুরোপুরি ভেঙে দিয়েছে জিরাফদের গণিত জ্ঞান। সম্প্রতি বার্সেলোনা চিড়িয়াখানার কয়েকটি জিরাফের ওপর চালানো এক গবেষণায় এমনটাই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
কীভাবে করা হয়েছিল পরীক্ষাটি?
গবেষকরা এই পরীক্ষার জন্য দুটি পাত্র বেছে নেন এবং তাতে বিভিন্ন সংখ্যায় গাজর রাখেন। একটি পাত্রে বেশি সংখ্যক গাজর ছিল এবং অন্যটিতে তার তুলনায় কম গাজর রাখা হয়। এরপর গাজর ভর্তি পাত্র দুটি ৪টি জিরাফের সামনে নিয়ে যাওয়া হয়, যাতে তারা পরিষ্কার দেখতে পায় কোন পাত্রে কটি গাজর রয়েছে।
এর পরেই পাত্র দুটি ঢেকে দেওয়া হয় এবং গবেষকরা জিরাফগুলির সামনেই সেই পাত্র দুটি থেকে কিছু গাজর বের করে নেওয়া অথবা নতুন গাজর যোগ করার কাজটি করতে থাকেন। জিরাফগুলি পুরো প্রক্রিয়াটি নিজের চোখেই দেখতে পায়। এরপর গাণিতিক হিসাব বা পরিমাপের ভিত্তিতে তাদের সঠিক পাত্রটি বেছে নিতে বলা হয়।
পরীক্ষার ফলাফল ও বিজ্ঞানীদের অনুমান
পরীক্ষায় দেখা গিয়েছে যে, ৬৮ শতাংশ ক্ষেত্রেই জিরাফরা সঠিকভারে বেশি গাজর থাকা পাত্রটিই বেছে নিয়েছে। এই ফলাফলের পরই গবেষকদের জোরালো বিশ্বাস জন্মেছে যে, জিরাফরাও প্রাথমিক স্তরে অঙ্ক কষতে এবং হিসাব বুঝতে সক্ষম। বিশ্বখ্যাত ‘সায়েন্টিফিক রিপোর্ট’ (Scientific Reports) জার্নালে এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।
তবে এই ফল কাকতালীয় কি না, বা অন্য কোনো পদ্ধতি (যেমন গন্ধ বা অন্য কোনো প্রবৃত্তি) ব্যবহার করে তারা পাত্র বাছছে কি না, তা নিয়ে নিশ্চিত হতে আগামী দিনে আরও বেশ কিছু পরীক্ষা চালানোর পরিকল্পনা করেছেন বিজ্ঞানীরা। তবে ইতিমধ্যেই এই গবেষণা প্রাণীপ্রেমী ও বিজ্ঞান মহলে দারুণ আলোড়ন সৃষ্টি করেছে।