৯ থেকে ২০৭ আসন: কীভাবে অসম্ভবকে সম্ভব করল বিজেপি? বাংলার মহা-রাজনৈতিক কেস স্টাডি নিয়ে বিশ্বজুড়ে শোরগোল

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতার ১৫ বছরের শাসনকে উৎখাত করে রাজ্যে প্রথমবারের মতো ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রাজ্যে এই প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পাশাপাশি দলটির নিজস্ব মুখ্যমন্ত্রীও নির্বাচিত হয়েছেন। বাংলার রাজনীতির এই অভাবনীয় পটপরিবর্তনকে এবার বিশ্বমানের পাঠশালায় ব্যবসার পাঠ শেখানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। রাজ্য রাজনীতির এই মেগা জয়কে সামনে রেখে একটি বিশেষ ম্যানেজমেন্ট কেস স্টাডি তৈরি করছে আইআইএম-কলকাতা (IIM Calcutta)। স্বয়ং আইআইএম-কলকাতা কর্তৃপক্ষের তরফ থেকে এই চাঞ্চল্যকর ও যুগান্তকারী তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির এই বিজয়ের নেপথ্যে যে নিপুণ সাংগঠনিক কৌশল কাজ করেছিল, তা অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করা হচ্ছে। কৌশলগত ব্যবস্থাপনার (Strategic Management) নিরিখে এই নির্বাচনী প্রচারের প্রতিটি খুঁটিনাটি খতিয়ে দেখে তা শ্রেণিকক্ষের পাঠদান এবং প্রাতিষ্ঠানিক গবেষণার উপযোগী করে তোলা হচ্ছে।

যে ৭টি মূল বিষয়ের ওপর নজর দেওয়া হচ্ছে:
আইআইএম-কলকাতার এই কেস স্টাডিতে মূলত ৭টি বিশেষ বিষয়ের ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে—
১. বিজেপির ৭৪ বছরের সংগ্রাম: ৯টি আসন থেকে কীভাবে দীর্ঘ পথ পেরিয়ে ২০৭ আসনে পৌঁছাল দল, তার মূল্যায়ন।
২. নির্বাচনী প্রচার কৌশল: বাংলায় বিজেপির সূক্ষ্ম ব্যবস্থাপনা এবং প্রবাসী সংযোগ। রাজ্যের প্রতিটি বুথ, গ্রাম এবং পাড়ায় কর্মী পাঠিয়ে সাধারণ মানুষের সমস্যা অনুধাবন এবং অন্যান্য রাজ্য বা বিদেশে বসবাসকারী বাঙালিদের সঙ্গে সংযোগ স্থাপন।
৩. কৌশলগত ব্যবস্থাপনা কাঠামো: আধুনিক কৌশলগত সরঞ্জাম ব্যবহার করে বাংলার জটিল রাজনৈতিক পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ।
৪. নেতৃত্ব ও দলবদ্ধ কাজ: দলের অভ্যন্তরীণ টিমওয়ার্ক বা দলবদ্ধ কাজ কীভাবে পরিচালিত হয়েছিল।
৫. তৃণমূল সংযোগ: মাঠপর্যায়ের সাধারণ মানুষের সাথে সরাসরি যুক্ত হওয়ার অভিনব উপায়।
৬. বিরোধীদের দুর্বলতার সুযোগ গ্রহণ: শাসকদলের দুর্বলতাগুলোকে চিহ্নিত করে তা নিখুঁতভাবে কাজে লাগানো।
৭. শিক্ষা ও ব্যবস্থাপনার পাঠ: এই রাজনৈতিক লড়াই থেকে কর্পোরেট ও ম্যানেজমেন্ট দুনিয়ার জন্য কী শিক্ষা নেওয়া যেতে পারে।

কারা তৈরি করছেন এই কেস স্টাডি?
আইআইএম-কলকাতা-র প্রকাশিত বিবৃতি অনুযায়ী, এই বিশেষ কেস স্টাডি তৈরির কাজে নেতৃত্ব দিচ্ছেন প্রতিষ্ঠানের ডিরেক্টর অলোক কুমার রাই, স্ট্র্যাটেজি গ্রুপের অধ্যাপক রম্যা টি. ভেঙ্কটেশ্বরন এবং অপারেশনস গ্রুপের অধ্যাপক বোধিব্রত নাগ। ম্যানেজমেন্টের শিক্ষার্থীদের কৌশলগত পরিকল্পনা, সাংগঠনিক সক্ষমতা এবং দূরদর্শী নেতৃত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গবেষণার কাজ সম্পূর্ণ হওয়ার পর আইআইএম-কলকাতা কেস রিসার্চ সেন্টার এবং আইভি পাবলিশিং-এর যৌথ সহযোগিতায় এটি বিশ্বব্যাপী উন্মুক্ত করা হবে। এর ফলে বিশ্বের যেকোনো প্রান্তের বিজনেস স্কুল এবং ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগুলো তাদের পাঠ্যক্রমে এই রাজনৈতিক কেস স্টাডি অন্তর্ভুক্ত করতে পারবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *