২৭ জুলাই থেকে বড় বদল মেট্রো চলাচলে! এবার থেকে কোন সময়ে ছাড়বে প্রথম ও শেষ ট্রেন? জেনে নিন

কলকাতা মেট্রোর নিত্যযাত্রীদের জন্য এল অত্যন্ত স্বস্তির খবর। ব্লু লাইন (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) এবং গ্রিন লাইন (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ)—উভয় রুটেই প্রথম ও শেষ মেট্রো চলাচলের সময়সূচীতে বড়সড় পরিবর্তন আনল মেট্রো কর্তৃপক্ষ। বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৭ জুলাই, সোমবার থেকে এই নতুন টাইমটেবিল কার্যকর হতে চলেছে। অতিরিক্ত সময় কাজের জন্য মেট্রো কর্মীরাও ওভারটাইম ভাতা পাবেন বলে জানা গেছে।
ব্লু লাইন (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) নতুন সময়সূচি:
সকালের প্রথম মেট্রো: এতদিন এই লাইনে দু’প্রান্ত থেকে প্রথম মেট্রো ছাড়ত সকাল ৬টা ৫০ মিনিটে। ২৭ জুলাই থেকে তা প্রায় ৫০ মিনিট এগিয়ে এনে ভোর ৬টাতেই প্রথম মেট্রো চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাতের শেষ মেট্রো: আগে এই লাইনে শেষ মেট্রো ছাড়ত রাত ৯টা ৪৪ মিনিটে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে তা বাড়িয়ে রাত ১০টা ৩০ মিনিট করা হয়েছে।
গ্রিন লাইন (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ) নতুন সময়সূচি:
সকালের প্রথম মেট্রো: গ্রিন লাইনে এতদিন সকাল ৬টা ৩৯ মিনিটে প্রথম মেট্রো ছাড়ত। নতুন নিয়ম অনুযায়ী, আগামী সোমবার থেকে দুই প্রান্ত থেকেই ভোর ৬টায় প্রথম মেট্রো পাওয়া যাবে।
রাতের শেষ মেট্রো: আগে এই রুটে রাতের শেষ মেট্রো ছাড়ত রাত ১০টা ৫ মিনিটে। সময় বাড়িয়ে এখন থেকে গ্রিন লাইনেও রাত ১০টা ৩০ মিনিটে শেষ মেট্রো ছাড়বে।
রবিবারের নিয়মে কি কোনো পরিবর্তন আসছে?
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই বর্ধিত সময়সূচি ও নতুন নিয়ম কেবলমাত্র সোম থেকে শনিবার পর্যন্ত কার্যকর থাকবে। রবিবারের মেট্রো চলাচলের ক্ষেত্রে এই নতুন সময় প্রযোজ্য হবে না। রবিবারের ক্ষেত্রে পূর্বের নিয়ম অনুযায়ীই দুই লাইনে সকাল ৯টায় প্রথম মেট্রো এবং রাত ১০টা ৩০ মিনিটে শেষ মেট্রো পাওয়া যাবে। সকাল সকাল মেট্রো পরিষেবা শুরু হওয়ায় উপকৃত হবেন হাজার হাজার নিত্যযাত্রী ও চাকুরিজীবী।