বাংলায় সপ্তম বেতন কমিশন গঠন! চার সদস্যের কমিটির চেয়ারম্যান হলেন অতনু চক্রবর্তী, বড় ঘোষণা শুভেন্দু সরকারের

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড়সড় ঘোষণা করল সরকার। ডিএ (DA) বৃদ্ধির পর এবার রাজ্যে আনুষ্ঠানিকভাবে গঠিত হলো সপ্তম বেতন কমিশন (7th Pay Commission)। বুধবার রাজ্যপাল আর. এন. রবির অনুমোদনক্রমে চার সদস্যের একটি নতুন পে কমিশন গঠনের কথা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল নবান্ন। রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাতকুমার মিশ্র এই বিজ্ঞপ্তি জারি করেছেন।

কমিশনের চার সদস্য ও নেতৃত্ব
কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এই চার সদস্যের কমিশন গঠন করা হয়েছে:

চেয়ারম্যান: কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দফতরের প্রাক্তন সচিব তথা অবসরপ্রাপ্ত IAS অতনু চক্রবর্তী।

সদস্য: নীতি গবেষণা কেন্দ্রের সিনিয়র গবেষক পার্থ মুখোপাধ্যায় এবং আইআইএম (IIM) কলকাতার বিশিষ্ট অর্থনীতিবিদ পার্থপ্রতিম পাল।

সদস্য সচিব: IAS তথা পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের সচিব দেবীপ্রসাদ কারাণম।

বেতন কাঠামো পুনর্গঠন ও সরকারের পদক্ষেপ
এর আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় অংকের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। পাশাপাশি, রাজ্য সরকারি কর্মীদের বেতন কাঠামো আমূল পুনর্গঠন এবং তাঁদের দীর্ঘদিনের দাবি পূরণের লক্ষ্যে সপ্তম বেতন কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। সেই প্রতিশ্রুতি অনুযায়ীই এবার প্রাথমিক প্রক্রিয়া পেরিয়ে চূড়ান্ত অনুমোদন দিল প্রশাসন।

মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে, কমিশনের ‘টার্মস অফ রেফারেন্স’ বা কাজের পরিধি এবং দায়িত্বের খসড়া ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। সেই সমস্ত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই এবার চার সদস্যের এই কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের কাজ শুরু করতে চলেছে। এই নতুন বেতন কমিশন গঠনের ফলে রাজ্য সরকারি কর্মীদের বেতন এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *