বেকড আর গ্রিলড খাবার খাচ্ছেন তো? মারণ ফাঁদে পড়ছেন না তো! চোখ কপালে তুলবে চিকিৎসকদের এই মারাত্মক সতর্কবার্তা

ভাজাভুজি তো বহু যুগ ধরেই বাঙালির বা ভারতীয়দের খাওয়াদাওয়ার অঙ্গ। তবে তার সঙ্গে আধুনিক ভারতে এখন হু হু করে বাড়ছে বেকড এবং গ্রিলড খাবারের চল। বর্তমানে বহু পরিবারেই এই ধরনের খাবার নিয়মিত খাওয়া হয়ে থাকে। অনেকেরই ভুল ধারণা রয়েছে যে, ভাজা খাবারের তুলনায় বেকড বা গ্রিলড খাবারে স্বাস্থ্যের ক্ষতি সেভাবে হয় না বললেই চলে।
কিন্তু বিশেষজ্ঞদের মত সম্পূর্ণ আলাদা। তাঁদের স্পষ্ট সতর্কবার্তা, যেভাবে ভারতের প্রায় প্রতিটি প্রান্তে ভাজা, বেক করা এবং গ্রিল করা খাবারের জনপ্রিয়তা বাড়ছে, তাতে আগামী দিনে দেশে ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্তের সংখ্যা আরও ভয়ঙ্করভাবে বৃদ্ধি পাবে।
ইতিমধ্যেই ভারতে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ১০ কোটি পার করে ফেলেছে। তবে এর মধ্যে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ৫ থেকে ১৯ বছর বয়সী শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যেও এখন ডায়াবেটিসের প্রবণতা দ্রুত ধরা পড়ছে, যা ভবিষ্যতের জন্য অত্যন্ত ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
বিশিষ্ট চিকিৎসক তথা চেন্নাইয়ের ডায়াবেটিস রিসার্চ ফাউন্ডেশনের বিশেষজ্ঞ ভি মোহন-এর মতে, এই পরিস্থিতির জন্য সরাসরি দায়ী আমাদের খাদ্যাভ্যাস। বিশেষ করে ভাজা খাবার, বিস্কুট, ফ্রেঞ্চ ফ্রাই, বেকন, বেকারির নানা আইটেম, মাখন, মার্জারিন, মিষ্টি জাতীয় খাবার এবং রেড মিট এই বিপদের ঝুঁকি বহুলাংশে বাড়িয়ে দিচ্ছে।
এই বিপজ্জনক প্রবণতা থেকে বাঁচতে অস্বাস্থ্যকর খাবার বাদ দিয়ে ব্রকোলি, ওটস, টাটকা ফল, শাকসবজি, ডিম, দুগ্ধজাত খাবার এবং মাছের মতো স্বাস্থ্যকর খাবারে জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
তাঁদের মতে, যেকোনো ভাজা খাবার মানেই শরীরে প্রবেশ করছে অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট এবং প্রচুর ক্যালোরি, যা অচিরেই ডেকে আনছে বড় ধরনের শারীরিক বিপর্যয়।