টানা তিন বিশ্বকাপ হাতছাড়া! ইতালির ফুটবলে বিরাট বিপ্লব, নতুন কোচ হিসেবে কি আসছে পেপ গুয়ার্দিওলা?

টানা তিনটি ফিফা বিশ্বকাপের মূলপর্বে খেলতে ব্যর্থ হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। ২০১৮, ২০২২ এবং সদ্য সমাপ্ত ২০২৬—কোনোবারই বিশ্বকাপের ছাড়পত্র অর্জন করতে পারেনি ইতালিয়ানরা। ২০২০ সালে ইউরো কাপ জয়ের পর থেকে জাতীয় দলের পারফরম্যান্স তলানিতে ঠেকেছে। আর এই দীর্ঘমেয়াদী ব্যর্থতার পরেই এবার দেশের ফুটবলে বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (FIGC)। স্কাই ইতালিয়া-র এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছে, আজ্জুরিদের নতুন প্রধান কোচ হিসেবে প্রাক্তন ম্যানচেস্টার সিটি ম্যানেজার পেপ গুয়ার্দিওলাকে আনার জন্য জোর প্রচেষ্টা শুরু করেছে ফুটবল বোর্ড।
প্রকল্পের নেতৃত্বে কিংবদন্তি পাওলো মালদিনি
শুধু কোচ বদল নয়, পুরো জাতীয় দলের কাঠামো আমূল পরিবর্তন করতে চাইছে ইতালির বোর্ড। এই মেগা প্রজেক্টের দায়িত্ব দেওয়া হয়েছে ইতালির কিংবদন্তি অধিনায়ক পাওলো মালদিনিকে। দেশের হয়ে ১২৬টি ম্যাচ খেলা মালদিনিকে সম্প্রতি জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মালদিনি তাঁর প্রাক্তন সতীর্থ লিওনার্দোকে সঙ্গে নিয়ে সম্প্রতি বার্সেলোনায় যান এবং সেখানে পেপ গুয়ার্দিওলার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। সেই বৈঠকে ইতালির জাতীয় দলের ভবিষ্যৎ পুনর্গঠন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গুয়ার্দিওলার সামনে তুলে ধরা হয়। ইতালিয়ান বোর্ডের আশা, গুয়ার্দিওলার মতো বিশ্বসেরা কোচের হাত ধরেই ইতালি ফের বিশ্ব ফুটবলের শীর্ষ আসনে ফিরবে।
পেপ গুয়ার্দিওলাকে পাওয়া কি অত সহজ?
২০২৬ বিশ্বকাপে দল জায়গা করে না পারায় কোচের পদ থেকে সরে দাঁড়ান জেন্নারো গাত্তুসো। তারপর থেকেই নতুন কোচের সন্ধান শুরু করেছে ফেডারেশন। তবে গুয়ার্দিওলাকে দায়িত্ব দেওয়া অত্যন্ত দুরূহ একটি কাজ:
সম্প্রতি ৫৫ বছর বয়সী এই স্প্যানিশ কোচ ম্যানচেস্টার সিটিতে সফল ১০ বছরের বর্ণাঢ্য অধ্যায় শেষ করেছেন।
গুয়ার্দিওলা আগেই জানিয়েছিলেন যে, ক্লাব ফুটবলের দীর্ঘ চাপ কাটিয়ে তিনি আপাতত কোচিং থেকে কিছুদিনের বিরতি নিতে চান।
তা সত্ত্বেও FIGC পেপ গুয়ার্দিওলাকেই তাদের তালিকার ‘এক নম্বর পছন্দ’ হিসেবে দেখছে। যদি শেষ পর্যন্ত গুয়ার্দিওলার সঙ্গে আলোচনা সফল না হয়, তবে বিকল্প হিসেবে প্রাক্তন ইতালি কোচ রবার্তো মানচিনি এবং বিশ্বকাপজয়ী তারকা আন্দ্রে পির্লোর নামও গুরুত্ব দিয়ে বিবেচনা করছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। এখন দেখার, ইতালির ফুটবলের নতুন ত্রাতা হিসেবে শেষ পর্যন্ত কার মাথায় ওঠে মুকুট।