হাওড়া স্টেশনে বিরাট পরিবর্তন! নতুন প্ল্যাটফর্ম তৈরির কাজে ৪ দিন বন্ধ পুরী এক্সপ্রেসসহ বহু দূরপাল্লার ট্রেন

হাওড়া স্টেশন পেতে চলেছে সম্পূর্ণ নতুন একটি প্ল্যাটফর্ম। আর সেই মেগা প্রজেক্টের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এবার এক বড় পদক্ষেপে নামল ভারতীয় রেল (Indian Railways)। হাওড়া স্টেশনে ২৪ নম্বর নতুন প্ল্যাটফর্ম চালুর উদ্দেশ্যে লিংক কেবিনে দীর্ঘ ৬০ ঘণ্টার নন-ইন্টারলকিং কাজের নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী ২৪ জুলাই বিকেল ৫টা থেকে শুরু করে ২৭ জুলাই ভোর ৫টা পর্যন্ত এই রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণের কাজ চলবে। আর এর জেরে দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচলের ওপর ব্যাপক প্রভাব পড়তে চলেছে, যার ফলে চরম দুর্ভোগের মুখে পড়তে পারেন নিত্যযাত্রী থেকে শুরু করে দূরপাল্লার যাত্রীরা।
হাওড়া থেকে ছাড়বে না পুরী এক্সপ্রেস সহ একাধিক ট্রেন
দক্ষিণ-পূর্ব রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া স্টেশনের নতুন পরিকাঠামো তৈরির এই কাজের জন্য নির্দিষ্ট কয়েকদিনের জন্য একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। পাশাপাশি বাতিল করা হয়েছে বেশ কিছু লোকাল ও এক্সপ্রেস ট্রেন। রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া থেকে রওনা দেওয়ার পরিবর্তে বিভিন্ন ট্রেন এবার সাঁতরাগাছি বা শালিমার থেকে যাতায়াত করবে।
কোন দিনে কোন ট্রেনগুলির সূচিতে বদল এল? এক নজরে দেখে নিন:
২৪ জুলাই:
হাওড়ার বদলে সাঁতরাগাছি থেকে ছাড়বে: ক্রিয়া যোগ এক্সপ্রেস, বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস এবং চেন্নাই মেল।
সাঁতরাগাছিতেই যাত্রা শেষ করবে: দুরন্ত এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস এবং চেন্নাই মেল।
এছাড়া হাওড়া-পুরী সুপারফাস্ট ও হাওড়া-আহমেদাবাদ সুপারফাস্ট ট্রেনগুলি নির্ধারিত দিনের জন্য শালিমার থেকে ছাড়বে।
২৫ জুলাই:
সাঁতরাগাছি থেকে ছাড়বে: গীতাঞ্জলি এক্সপ্রেস, ফলকনামা এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস এবং ক্রিয়া যোগ এক্সপ্রেস-সহ একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন।
সাঁতরাগাছিতেই যাত্রা শেষ করবে: স্টিল এক্সপ্রেস, গীতাঞ্জলি এক্সপ্রেস, ফলকনামা এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস ও চেন্নাই মেল।
অন্যদিকে, শালিমার থেকে ছাড়বে ধৌলি এক্সপ্রেস, করোমণ্ডল এক্সপ্রেস, পুরী সুপারফাস্ট ও আহমেদাবাদ সুপারফাস্ট। এমনকি বিখ্যাত করোমণ্ডল এক্সপ্রেসের গন্তব্যও পরিবর্তিত হয়ে শালিমার হবে।
২৬ জুলাই:
সাঁতরাগাছি থেকে ছাড়বে: কান্তাবাঞ্জি ইস্পাত, গীতাঞ্জলি, ফলকনামা, তিরুচিরাপল্লি সুপারফাস্ট ও পুরী সুপারফাস্ট।
সাঁতরাগাছিতেই শেষ হবে: গীতাঞ্জলি, ফলকনামা, জুনাগড় রোড ইস্পাত এবং শিরডি সুপারফাস্ট। শালিমার থেকে ছাড়বে ধৌলি ও করোমণ্ডল এক্সপ্রেস। পাশাপাশি পুনে-হাওড়া দুরন্ত এক্সপ্রেসের গন্তব্যও পরিবর্তিত হয়ে শালিমার পর্যন্ত নির্ধারিত করা হয়েছে।
২৭ জুলাই:
কন্যাকুমারী-হাওড়া সুপারফাস্ট, পুনে-হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস এবং পুরী-হাওড়া সুপারফাস্ট ট্রেনগুলি হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছিতেই তাদের যাত্রা শেষ করবে।
বাতিল করা হয়েছে ১৬টি লোকাল ট্রেন
শুধু দূরপাল্লার ট্রেনই নয়, নন-ইন্টারলকিংয়ের এই বিশাল কাজের জেরে দক্ষিণ-পূর্ব শাখায় মোট ১৬টি লোকাল ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে হাওড়া-মেদিনীপুর, হাওড়া-খড়্গপুর, হাওড়া-আমতা, হাওড়া-মেচেদা এবং হাওড়া-পাঁশকুড়া লোকাল ট্রেনগুলি। তাই রেলযাত্রীদের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ, বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই পরিবর্তিত সময়সূচি ও ট্রেনের বর্তমান স্থিতি দেখে নিন, যাতে পথে নেমে কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে না হয়।