“বিজেপির কোনো নেতা ফোন করবে না, তার কাটতে থাকুন!”-বিদ্যুৎ কর্মীদের স্পষ্ট নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাংলার দীর্ঘদিনের বিদ্যুৎ চুরি সমস্যা দূর করতে এবং বকেয়া বিল আদায়ের জন্য এবার একেবারে কঠোর অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সল্টলেকের বিদ্যুৎ ভবন থেকে রাজ্যের বিদ্যুৎ দফতরের কর্মচারীদের উদ্দেশ্যে এক বড় বার্তা দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই নির্দেশগুলিকে কঠোরভাবে মেনে চলতে হবে। একইসঙ্গে বিদ্যুৎ চুরি রুখতে এদিন ‘বিদ্যুৎ প্রহরী’ নামের একটি নতুন অ্যাপেরও উদ্বোধন করেন তিনি।

১. হুকিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি

বিদ্যুৎ চুরির বা হুকিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়ার জন্য বিদ্যুৎ দফতরের কর্মীদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দেন, “হুকিং জিরো করতে হবে। এক্ষেত্রে বিজেপির কোনো নেতা আপনাদের ফোন করবে না। হুকিং জিরো করতে হবে, পরপর তার কাটতে থাকুন।” রাজনৈতিক বা প্রভাবশালী পরিচয়ের তোয়াক্কা না করে সরাসরি আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

২. বকেয়া বিল আদায়ে কড়া ও নরমের নীতি

বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের ক্ষেত্রে কমার্শিয়াল ও ইন্ডাস্ট্রিয়াল গ্রাহকদের ওপর বিশেষ জোর দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশ, “ইন্ডাস্ট্রিয়াল ও কমার্শিয়ালে যত বিদ্যুৎ বিল বকেয়া আছে, যেভাবে পারুন আদায় করুন। এক্ষেত্রে কারও কথা শোনার দরকার নেই।”

তবে সাধারণ গার্হস্থ্য বা ডোমেস্টিক গ্রাহকদের ক্ষেত্রে সহানুভূতির বার্তা দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারীর মতে, ডোমেস্টিকের ক্ষেত্রে আলোচনার মাধ্যমে, নোটিশ দিয়ে এবং নিয়ম মেনে পদক্ষেপ করতে হবে। বহু গ্রাহকের অতীতে নিয়মিত পেমেন্ট করার ভালো রেকর্ড থাকে, তাই তাঁদের বুঝিয়ে সুঝিয়ে বকেয়া মেটানোর ব্যবস্থা করতে হবে। এছাড়া স্মার্ট মিটার নিয়ে সাধারণ মানুষের মনে যে ভুল ধারণা রয়েছে, তা বামেদের অপপ্রচার বলে উড়িয়ে দিয়ে কর্মীদের ধীরে ধীরে মানুষকে বুঝিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন তিনি।

৩. চালু হলো ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ

এদিন হুকিং ও বিদ্যুৎ চুরি পুরোপুরি বন্ধ করতে সল্টলেকের বিদ্যুৎ ভবন থেকে ‘বিদ্যুৎ প্রহরী’ নামের একটি বিশেষ মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়। এই অ্যাপের মাধ্যমে যেকেউ বিদ্যুৎ চুরি সংক্রান্ত সমস্ত অভিযোগ সরাসরি জানাতে পারবেন এবং দফতরের তরফ থেকেও অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *