“আমার বাবাও এত চুমু খায় না!” রাম কাপুরের বিরুদ্ধে যৌন হেনস্থা ও সীমা লঙ্ঘনের মারাত্মক অভিযোগ শ্রেয়ার

ফারাহ খান ও রিতেশ দেশমুখের সঞ্চালনায় জনপ্রিয় রিয়্যালিটি শো ‘লক আপ ২’ মানেই বিতর্ক আর নাটকীয়তার অন্তহীন ককটেল। তবে এবার এই শোয়ের মঞ্চে যা ঘটেছে, তাতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। ছোটপর্দার জনপ্রিয় মুখ রাম কাপুরের বিরুদ্ধে অন-ক্যামেরা সহ-প্রতিযোগী শ্রেয়া কালরার গাল স্পর্শ করে চুমু খাওয়ার অভিযোগ উঠেছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই এখন তুঙ্গে উঠেছে চর্চা, মারাত্মক চটেছেন খোদ শ্রেয়া।
ঠিক কী ঘটেছিল শোয়ের ভেতরে?
অতি সম্প্রতি শোয়ের একটি লিডারশিপ টাস্ক চলাকালীন ক্ষোভে ফেটে পড়েন প্রতিযোগী শ্রেয়া কালরা। অন্য এক প্রতিযোগী শিল্পা শিন্ডের কাছে নিজের ক্ষোভ উগরে দিয়ে শ্রেয়া স্পষ্ট জানান যে, রাম কাপুর তাঁর ব্যক্তিগত সীমানা (Personal Space) লঙ্ঘন করছেন।
ক্ষুব্ধ শ্রেয়া অভিযোগের সুরে বলেন, “সবারই একটা নির্দিষ্ট সীমা বজায় রাখা উচিত। এবার যদি ও আমার দিকে চুমু খেতে আসে, আমি মুখ চেপে ধরে বলব, আমার বাবাও আমাকে এত চুমু খায় না! তিনবার ওকে বাঁচিয়েছি বলে কি এই পরিণতি? একজন প্রবীণ অভিনেতার সম্মান রাখা উচিত ঠিকই, কিন্তু এমন কাজের পর আর কী-ই বা বলব!” টাস্ক জয়ের পর রাম কাপুরের ওই গালে চুমু খাওয়ার বিষয়টি যে শ্রেয়া একেবারেই সহজভাবে নেননি, তা তাঁর কথায় স্পষ্ট হয়ে ওঠে।
নেটপাড়ায় প্রতিবাদের ঝড় ও রামের ট্রোেলিং
ঘটনাটি প্রতিযোগীদের গণ্ডি পেরিয়ে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র বিতর্ক শুরু হয়। নেটপাড়ার একটা বড় অংশ রাম কাপুরের এই আচরণের তীব্র সমালোচনা করেন। অনেকেই প্রবীণ এই অভিনেতাকে কটাক্ষ করে কুরুচিকর মন্তব্য করতেও পিছপা হননি। রিয়্যালিটি শোয়ের টিআরপির পারদ চড়ার পাশাপাশি এই ‘কিস বিতর্ক’ যে শোয়ের উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
স্বামীর পাশে শক্ত ঢাল হয়ে দাঁড়ালেন গৌতমী কাপুর
ট্রোলারদের এই আক্রমণ ও চরিত্রহননের চেষ্টা অবশ্য চুপ করে দেখেননি রাম কাপুরের স্ত্রী, অভিনেত্রী গৌতমী কাপুর। স্বামীর পাশে সম্পূর্ণ শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছেন তিনি। ট্রোলারদের যোগ্য জবাব দিয়ে গৌতমী স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, রাম কাপুর কোনোভাবেই খারাপ মানসিকতার মানুষ নন। স্নেহের বশেই হয়তো তিনি সহ-প্রতিযোগীকে জড়িয়ে ধরেছিলেন বা গাল স্পর্শ করেছিলেন। বিষয়টিকে অপ্রাসঙ্গিক উপায়ে বড় করে দেখিয়ে রামের সম্মানহানি করার চেষ্টা সম্পূর্ণ অনুচিত ও বিভ্রান্তিকর বলেই দাবি করেছেন তিনি।