আইএসএফ কর্মীর বাড়িতে সাদা থান ও ধূপকাঠি! প্রাণনাশের হুমকি চিঠিতে চরম চাঞ্চল্য বসিরহাটে

উত্তর ২৪ পরগনার বসিরহাটের পিফা পঞ্চায়েতের খিদিরপুর এলাকায় রাজনৈতিক হিংসার চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। এক সক্রিয় আইএসএফ কর্মীর বাড়িতে সাদা থান কাপড়, ধূপকাঠি এবং প্রাণনাশের হুমকি চিঠি পাঠিয়ে ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকেই আক্রান্ত আইএসএফ কর্মী ও তাঁর পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই বসিরহাট থানায় পুরো বিষয়টি জানানো হয়েছে।

ঠিক কী ঘটেছিল খিদিরপুরে?
খিদিরপুর এলাকার সক্রিয় আইএসএফ কর্মী হিসেবে পরিচিত সাঈদ হাসান মোল্লা। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা দেখতে পান, তাঁদের বাড়ির সামনে রহস্যজনকভাবে একটি সাদা থান কাপড়, ধূপকাঠি এবং একটি হুমকি চিঠি ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

চিঠিতে অত্যন্ত স্পষ্ট ভাষায় লেখা রয়েছে—

“সাঈদ তোকে এবার দুনিয়া ছাড়া করব, তুই শুধরে যা, ISF এর যত ফ্ল্যাগ লাগিয়েছিস সব খুলে নে, আগে তোকে বাড়ি ছাড়া করেছি এবার দুনিয়া ছাড়া করব।”

বারবার হুমকি ও পুরোনো আক্রোশের অভিযোগ
আক্রান্ত আইএসএফ কর্মী সাঈদ হাসান মোল্লা জানান, তিনি ২০১৯ সাল থেকে আইএসএফ দলের সঙ্গে যুক্ত রয়েছেন এবং এর আগেও তাঁকে রাজনৈতিক কারণে বাড়িছাড়া করা হয়েছিল। সকালে বাড়ির সামনে এই ভয়াবহ দৃশ্য দেখার পর থেকে তাঁর পুরো পরিবার আতঙ্কে রয়েছে এবং তাঁরা বুঝতে পারছেন না কী করবেন।

সাঈদের মা লিলিফা বিবি ঘটনার বিবরণ দিতে গিয়ে জানান, সকালে ঘুম থেকে উঠে বারান্দা পরিষ্কার করতে গিয়ে তিনি প্রথমে একটি কাগজ পড়ে থাকতে দেখেন। এরপর সেটি খুলতেই ভেতর থেকে সাদা কাপড়, ধূপ ও ওই হুমকি চিঠি বেরিয়ে আসে। চিঠিতে আইএসএফ-এর সমস্ত পতাকা অবিলম্বে নামিয়ে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে, নতুবা সাঈদকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি রয়েছে।

এলাকায় বিজেপির তেমন কোনও সক্রিয় কর্মী-সমর্থক নেই বলেই দাবি সাঈদের। তাই এই ঘটনার নেপথ্যে স্থানীয় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের দিকেই সরাসরি আঙুল তুলেছেন আক্রান্ত আইএসএফ কর্মী ও তাঁর পরিবার। যদিও এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, তবে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সিপিএম। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *