NEET UG 2026: ওএমআর শিট কারচুপির অভিযোগ উড়িয়ে দিল NTA, ভাইরাল হওয়া ছবি নিয়ে এল বড় তথ্য!

NEET UG 2026-এর ফলাফল নিয়ে চলা বিতর্ক চরমে। কানপুরের পরীক্ষার্থী আরিয়া সিংয়ের ওএমআর (OMR) শিট কারচুপির অভিযোগ পুরোপুরি খারিজ করে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। উল্টে NTA-র দাবি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ওএমআর শিটটি ডিজিটালভাবে কারচুপি করা বা এডিট করা হয়েছে।

কী অভিযোগ ছিল পরীক্ষার্থীর?
কানপুরের বাসিন্দা আরিয়া সিং দাবি করেছিলেন, পরীক্ষার পর উত্তরপত্র মিলিয়ে তিনি দেখেছিলেন তাঁর স্কোর ৬১০। কিন্তু রেজাল্টের দিন প্রথমে দেখা যায় ৫৪০ এবং পরে তা কমে ১৬৭ হয়ে যায়। এই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কংগ্রেস ও আম আদমি পার্টির মতো রাজনৈতিক দলগুলো ঘটনার তদন্তের দাবি তোলে।

NTA-র সাফাই ও আসল সত্য:
রবিবার (২০ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতিতে NTA জানায়, তারা আরিয়া সিংয়ের আবেদনপত্র (অ্যাপ্লিকেশন নম্বর ২৬০৪১০৪৩৪১০২) খুঁটিয়ে পরীক্ষা করেছে। সংস্থার দাবি, আসল ওএমআর শিটটি NTA-র হেফাজতে রয়েছে এবং ওএমআর রেসপন্স কি চ্যালেঞ্জের সময় তা পরীক্ষার্থীর রেজিস্টার্ড ইমেইল আইডিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল।

NTA-র তদন্তে বেরিয়ে এসেছে বিস্ফোরক তথ্য। সংস্থার দাবি, ভাইরাল হওয়া ওই ওএমআর শিটটির ইনভিজিলটরের স্বাক্ষর করার সময় ৩:৪৫ পিএম (PM)-কে এডিট করে ২:৪৫ পিএম করা হয়েছে। এছাড়া নথিতে ডিজিটাল কারচুপির আরও একাধিক প্রমাণ রয়েছে বলে NTA জানিয়েছে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ১৬৭ নম্বরই চূড়ান্ত এবং এতে কোনো পরিবর্তন হবে না।

আইনি হুঁশিয়ারি NTA-র:
কেবল আরিয়া সিংয়ের ঘটনাই নয়, সাম্প্রতিক সময়ে ওএমআর ও স্কোরকার্ড পরিবর্তনের একাধিক অভিযোগ পেয়েছে NTA। বিষয়টি নিয়ে সতর্কবার্তা জারি করে এনটিএ জানিয়েছে, কোনো পরীক্ষার্থী যদি ডিজিটাল বা এআই (AI) ব্যবহার করে ভুয়া নথি তৈরি, জমা বা প্রচার করেন, তবে তাঁদের বিরুদ্ধে পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট, ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্য প্রযুক্তি আইনে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সত্যিই যদি কোনো পরীক্ষার্থীর রেজাল্টে অমিল থাকে, তবে তাঁদের সরাসরি অফিশিয়াল হেল্পডেস্কের মাধ্যমে অ্যাপ্লিকেশন নম্বর ও রোল নম্বর উল্লেখ করে অভিযোগ জানাতে অনুরোধ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *