বিয়ে নিয়ে জোর গুঞ্জন! শেষমেশ মুখ খুললেন হুমা কুরেশির চর্চিত প্রেমিক রচিত

অভিনয়ের দাপট কিংবা বক্স অফিস সাফল্য—সবকিছুকে ছাপিয়ে বর্তমানে হুমা কুরেশিকে নিয়ে বি-টাউনে আলোচনার মূল বিষয় তাঁর ‘বিবাহ’। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘বেবি ডু ডাই ডু’-তে ‘মহলা বন্দুকবাজ’-এর চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন হুমা। কিন্তু ছবির সাফল্যের চেয়েও বেশি চর্চায় উঠে এসেছে তাঁর ব্যক্তিগত জীবন এবং প্রেমিক রচিতের সঙ্গে বিয়ের গুঞ্জন।
কীভাবে শুরু এই গুঞ্জন?
গত মাসে রচিতের জন্মদিনে হুমা সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন বার্তা পোস্ট করেন। অনুরাগীদের কাছে সেই পোস্টটি ছিল হুমা-রচিতের সম্পর্কের ‘হার্ড লঞ্চ’ বা প্রকাশ্যে সম্পর্কের স্বীকৃতি। রচিত নিজেও সেই পোস্টে রসিকতা করে মন্তব্য করেন। ব্যস, এরপরই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে যে, চলতি বছরেই নাকি চার হাত এক হতে চলেছে এই জুটির।
কী বললেন হুমা-রচিতের প্রেমিক?
বিয়ের গুঞ্জন যখন চরমে, তখন অবশেষে মুখ খুলেছেন স্বয়ং রচিত। তবে তিনি বিরক্ত হওয়ার বদলে রসিকতার ছলেই যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “জানি না কারা আমার বিয়ের দিনক্ষণ ঠিক করে দিচ্ছেন বা বিয়ের ভেন্যু কোথায় হবে—সেই দায়িত্ব নিয়ে খবর ছড়াচ্ছেন! এ বার মনে হচ্ছে আমার মায়ের ফোন নম্বর প্রকাশ্যে আনতেই হবে। কারণ, বিয়ে নিয়ে কে সঠিক খবর দিতে পারবে, তিনি আমার মা-ই। আমার মায়ের নম্বর জানেন না বলেই সবাই আমাকেই প্রশ্ন করছেন।”
সহজ কথায়, রচিত স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, বাস্তবে বিয়ের মতো কোনো ঘটনাই ঘটছে না। এক দশকেরও বেশি সময় ধরে বলিউডের সাথে যুক্ত থাকা এই অ্যাক্টিং কোচ এবং হুমার বন্ধুত্বের সম্পর্কটি যে গভীর, তা স্বীকার করলেও আপাতত সাতপাক ঘোরার পরিকল্পনা যে নেই, তা তাঁর মন্তব্য থেকেই পরিষ্কার।
সফল ‘বেবি’:
বিয়ের গুঞ্জন উড়িয়ে দিলেও, পেশাগত জীবনে হুমা এই মুহূর্তে বেশ উজ্জ্বল। ‘বেবি ডু ডাই ডু’ ছবিতে কোনো সংলাপ ছাড়াই কেবল অভিব্যক্তির মাধ্যমে অভিনয় করে সমালোচকদের মন জিতে নিয়েছেন তিনি। আপাতত সমস্ত ফোকাস কাজের দিকেই রাখতে চাইছেন এই অভিনেত্রী। যদিও সোশ্যাল মিডিয়ার এই জল্পনা যে পুরোপুরি থামবে না, তা বলাই বাহুল্য।