‘মা-এর নামে একটি গাছ লাগান’-অরণ্য সপ্তাহে সবুজায়নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

বৃক্ষরোপণ কর্মসূচিতে এবার দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে প্রতিযোগিতায় নামতে চলেছে পশ্চিমবঙ্গ। সোমবার ‘অরণ্য সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন, এ বছর রাজ্যে ৭ কোটি ২০ লক্ষ চারা গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সবুজায়নে নতুন চ্যালেঞ্জ: রাজ্যের বন দপ্তরের প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের বৃক্ষরোপণ কর্মসূচির প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, “সংবাদমাধ্যমে দেখলাম উত্তরপ্রদেশে ২৬ কোটি চারা গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও গুজরাটের গান্ধীনগরে ১ কোটি ২০ লক্ষ চারা গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন। পশ্চিমবঙ্গও একটি বড় রাজ্য, এই ক্ষেত্রে আমাদেরও পিছিয়ে থাকলে চলবে না। আমরা উত্তরপ্রদেশের সঙ্গে প্রতিযোগিতা করতে পারি।”
কী কী উদ্যোগ নেওয়া হয়েছে? মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই বিশাল কর্মসূচির বাস্তবায়নে বন দপ্তরকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর নির্দেশিকা অনুযায়ী:
-
রথযাত্রা মেলা: রাজ্যের ৭৫টি রথযাত্রা মেলায় সরকারি ‘সেবা কেন্দ্র’ (ক্যাম্প) থেকে সাধারণ মানুষের মধ্যে চারা গাছ বিতরণ করা হবে।
-
গাছের ধরন: বিশেষ করে ফলের গাছ এবং উপকূলবর্তী এলাকার জন্য নারিকেল গাছের চারা বিতরণে বাড়তি জোর দেওয়ার কথা বলা হয়েছে।
-
বিশেষ বার্তা: নিজের ভবানীপুর বিধানসভা কেন্দ্রেও বিপুল হারে চারা গাছ বিতরণের পরিকল্পনা নেওয়ার জন্য বন দপ্তরের সচিব এবং কেএমসি কমিশনারকে নির্দেশ দিয়েছেন তিনি।
নাগরিকদের কাছে আবেদন: শুধুমাত্র সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষকেও এই কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে (X) তিনি লিখেছেন, “আমি প্রত্যেক নাগরিককে অনুরোধ করছি, অরণ্য সপ্তাহ পালন করুন এবং নিজের মায়ের নামে একটি করে গাছ লাগান।”
সবুজায়নের এই লক্ষ্যমাত্রা পূরণ হলে রাজ্যের পরিবেশগত ভারসাম্যে বড় পরিবর্তন আসবে বলেই মনে করছে প্রশাসনিক মহল।