বন্ধুর বাড়িতেই তরুণীকে ধর্ষণ, কেড়ে নেওয়া হয় ফোনও; গ্রেফতার ৩ যুবক

ঠাকুরপুকুর থানা এলাকায় এক তরুণীকে ধর্ষণ এবং শারীরিক নিগ্রহের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে টিঙ্কু, কৌশিক ও বাবাই নামে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।
ঘটনার সূত্রপাত যেভাবে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২২ বছর বয়সী ওই তরুণী মূল অভিযুক্ত টিঙ্কুর পরিচিত ছিলেন। গত ১২ জুলাই রাতে তরুণী টিঙ্কুর বাড়িতে যান। অভিযোগ, রাত ২টো থেকে ২টো ৩০ মিনিটের মধ্যে টিঙ্কু তরুণীর ওপর শারীরিক নির্যাতন চালায়। শুধু তাই নয়, কৌশিক নামের অপর এক অভিযুক্ত তরুণীর পোশাক খুলে শ্লীলতাহানি করে বলেও অভিযোগ উঠেছে। মারধরের পাশাপাশি অভিযুক্তরা তরুণীর মোবাইল ফোনটিও কেড়ে নেয়।
কী জানাচ্ছে পুলিশ? ঘটনার খবর পাওয়ার পর দ্রুত তৎপর হয় ঠাকুরপুকুর থানার পুলিশ। নির্যাতিতা তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(১), ৭৪/৭৬ এবং ৩১৬(২)/৩(৫) ধারায় এফআইআর (FIR) দায়ের করা হয়। তদন্তের স্বার্থে তিন অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়েছে এবং তরুণীর ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত টিঙ্কু এবং নির্যাতিতা পূর্বপরিচিত। বাকি দুই অভিযুক্ত কৌশিক ও বাবাই টিঙ্কুর বন্ধু। ঘটনার দিন সকালে তারা ওই বাড়িতে পৌঁছায়। টিঙ্কু প্রধান অভিযুক্ত হলেও, বাকি দুই যুবকের ঠিক কতটা ভূমিকা ছিল এবং পুরো ঘটনাটি কীভাবে ঘটল, তা জানতে অভিযুক্তদের দফায় দফায় জেরা করছে পুলিশ।
নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এই নৃশংস ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।