শিক্ষক নিয়োগের কী হবে? মিটিং থেকে বেরিয়েই যা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী জট কাটাতে এবার আসরে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিকাশ ভবনে শিক্ষা দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি স্পষ্ট করে দিলেন, আগের সরকারের মতো নিয়োগে আর কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতেই প্রাথমিক থেকে কলেজ—সর্বস্তরে শিক্ষক ও অধ্যাপক নিয়োগ করা হবে।

নিয়োগ দুর্নীতি ও ওবিসি মামলার জট নিয়োগের আপডেট জানতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় যে উদ্বেগ প্রকাশ করছেন চাকরিপ্রার্থীরা, তার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, আগের সরকার ওবিসি সংরক্ষণ নিয়ে যে জটিলতা তৈরি করেছিল, তা নতুন আইন এনে সংশোধন করা হয়েছে। তিনি আশ্বস্ত করেন, আগামী কয়েকদিনের মধ্যেই সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার ইতিবাচক সাড়া পাবে। ইন্টারভিউ প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, ৬ হাজার প্রার্থীর মৌখিক পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, বাকি ৬ হাজার জনের প্রক্রিয়াও দ্রুত শেষ করা হবে।

বেসরকারি স্কুলের লাগামহীন ফি-তে কড়া বার্তা এদিনের বৈঠক থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, শিক্ষাকে পণ্য হতে দেওয়া হবে না। বেসরকারি স্কুলগুলোর ফি এবং পরিকাঠামো নিয়মিত পরিদর্শন করবে সরকার। নিয়মের তোয়াক্কা না করলে বাতিল হতে পারে অনুমোদন। সরকারি স্কুলের ওপর আস্থা ফিরিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য।

৮১ হাজার স্কুলে উন্নয়নের জোয়ার জাতীয় শিক্ষা নীতি (NEP) বাস্তবায়নের পথে এগিয়ে চলা রাজ্য সরকার কেন্দ্রীয় অনুদানের জট কাটিয়ে ফেলেছে। আগামী এক সপ্তাহের মধ্যেই রাজ্যের ৮১ হাজার স্কুলে ‘কম্পোজিট গ্র্যান্ট’ পৌঁছাতে শুরু করবে। রাঢ়বঙ্গের চার জেলা—বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম থেকে এই আধুনিকীকরণ শুরু হবে। প্রতিটি স্কুলে পরিচ্ছন্ন শৌচালয়, আর্সেনিক-মুক্ত পানীয় জল এবং ফ্যান নিশ্চিত করা হবে। এছাড়া, ছাত্রীদের জন্য সব বালিকা ও কো-এড স্কুলে বসানো হবে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন।

মিড-ডে মিলের নতুন পথ ১ অগাস্ট থেকে মিড-ডে মিলের গুণমান বদলে যাচ্ছে। প্রাথমিক স্তরে পড়ুয়াদের পুষ্টিকর ও হাইজেনিক খাবার দিতে মাথাপিছু ১০ টাকা মূল্যের মেনু চালু হচ্ছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় এই দায়িত্ব পাচ্ছে ইস্কন (ISKCON)। রান্নার জন্য ব্যবহার করা হবে গ্যাস, আর পর্যায়ক্রমে স্কুলে বসানো হবে সোলার প্যানেল। মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য শিশুদের হাতে ভালো মানের খাবার তুলে দেওয়া।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *