ধোনির সিএসকে-তে রদবদল: ফ্লেমিংয়ের বিদায়, নতুন কোচের চেয়ারে কে বসছেন?

ভারতীয় ক্রিকেটে এক বড়সড় পরিবর্তনের সাক্ষী থাকল সোমবারের বিকেল। দীর্ঘ ১৮ বছরের দীর্ঘ পথচলার পর চেন্নাই সুপার কিংসের (CSK) হেড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন স্টিফেন ফ্লেমিং। গত তিন বছর ধরে দলের ধারাবাহিক পারফরম্যান্সের অভাব এবং আইপিএলের প্লে-অফে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পরই এই কঠিন সিদ্ধান্ত নিল সিএসকে কর্তৃপক্ষ।
২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী মরশুমে খেলোয়াড় হিসেবে চেন্নাইয়ে যোগ দিয়েছিলেন ফ্লেমিং। পরের বছর অর্থাৎ ২০০৯ সালেই তিনি কোচ হিসেবে দায়িত্ব বুঝে নেন। ধোনি-ফ্লেমিংয়ের এই যুগলবন্দিতে চেন্নাই আইপিএলে ৫টি ট্রফি জিতেছে। এছাড়াও ১০ বার ফাইনাল খেলা এবং ১২ বার প্লে-অফে ওঠা— ফ্লেমিংয়ের হাত ধরে সিএসকে সাফল্যের শিখর স্পর্শ করেছিল।
কে হতে পারেন নতুন কোচ? ফ্লেমিংয়ের বিদায়ের পরই জল্পনা শুরু হয়েছে তাঁর উত্তরসূরি নিয়ে। শোনা যাচ্ছে, নতুন কোচের দৌড়ে সবার চেয়ে এগিয়ে প্রাক্তন ক্রিকেটার হেমাঙ্গ বাদানি। এই মুহূর্তে সিএসকের শীর্ষকর্তারা ডালাসে রয়েছেন। দলের পারফরম্যান্স পর্যালোচনা এবং ভবিষ্যতের রূপরেখা তৈরির পাশাপাশি পুরো কোচিং স্টাফে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চেন্নাই সুপার কিংসের ডিরেক্টর এবং এন শ্রীনিবাসনের মেয়ে রূপা গুরুনাথ পুরো বিষয়টি তদারকি করছেন।
ফ্লেমিংয়ের আবেগঘন বিদায়বার্তা বিদায়বেলায় আবেগপ্রবণ স্টিফেন ফ্লেমিং বলেন, “ক্রীড়াজগতে ১৮ বছর মানে একটি জীবনকাল। আমি কৃতজ্ঞতা নিয়েই বিদায় নিচ্ছি। কোচিং জীবনে সেরা সময়গুলো এখানেই কাটিয়েছি। সিএসকে আমার হৃদয়ের খুব কাছে থাকবে এবং আগামী দিনেও আমি দলের জন্য সবসময় গলা ফাটাব।”
ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, দুই পক্ষের আলোচনার ভিত্তিতেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেট প্রেমীদের এখন নজর— ধোনির পরবর্তী কোচ হিসেবে কাকে বেছে নেয় হলুদ বাহিনী।