সরাসরি জমি কিনে শিল্পপতিদের দেবে রাজ্য, বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

রাজ্যে শিল্পের পরিবেশ ফেরাতে এবং জমি জট কাটাতে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। শনিবার হুগলির ডানকুনিতে ‘লাক্স কোজি’ (Lux Cozi) গ্রুপের কারখানার শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিলেন, শিল্পায়নের জন্য রাজ্য সরকার এখন থেকে সরাসরি জমি কিনে শিল্পপতিদের হাতে তুলে দেবে। মুখ্যমন্ত্রীর কথায়, “আমরা আর একটা নন্দীগ্রাম বা সিঙ্গুর হতে দেব না।”

জমি নীতিতে আমূল বদল অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ২০১৩ সালের ল্যান্ড পার্চেস পলিসি মেনে সরকার সরাসরি জমি কিনবে। তিনি বলেন, “বিএসএফ, রেল, জাতীয় সড়ক কিংবা নতুন বিমানবন্দরের জন্য যেভাবে আমরা জমি কিনেছি, একইভাবে বেসরকারি শিল্পপতিদের জন্যও জমি কিনে সরাসরি হ্যান্ডওভার করা হবে। ল্যান্ড সেলিং পলিসি আমরা আমূল বদলে ফেলছি, যাতে বিনিয়োগকারীদের জমি নিয়ে কোনো সমস্যায় পড়তে না হয়।”

স্থানীয় ‘দাদাগিরি’ বন্ধে সিঙ্গল উইন্ডো শিল্প স্থাপনে স্থানীয় স্তরের দুর্নীতি ও হয়রানি রুখতে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেন, ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে পঞ্চায়েত, পুরসভা বা জেলা পরিষদের অনুমতির অপেক্ষা করতে হবে না। শুভেন্দু বলেন, “যত গণ্ডগোল ও দাদাগিরি স্থানীয় স্তরেই হয়। তাই ১০০ কোটির ওপর বিনিয়োগকারীদের জন্য কেন্দ্রীয়ভাবে ‘সিঙ্গল উইন্ডো’ ব্যবস্থা চালু করা হচ্ছে। নবান্ন থেকেই মিলবে সব ছাড়পত্র, ফাইল আটকে থাকার দিন শেষ।”

ডানকুনিতে ৬০০ কোটির মেগা প্রকল্প শনিবার ডানকুনিতে লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের দ্বিতীয় ইউনিটের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। ১২ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে এই মেগা প্রকল্প গড়ে উঠবে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা অশোক টোডি, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, তাপস রায়, শারদ্বত মুখোপাধ্যায় এবং অর্জুন সিং।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিঙ্গুর ও নন্দীগ্রামের অতীত তিক্ততা ভুলে রাজ্যে শিল্পের গতি ফেরাতে শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সরকারি স্তরে সরাসরি জমি কেনা ও একক উইন্ডো লাইসেন্স ব্যবস্থা শিল্পের পথে বড় বাধা দূর করতে পারে বলেই মনে করছেন শিল্পমহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *