FIFA কি বাড়তি সুবিধা দিচ্ছে আর্জেন্টিনাকে? সমালোচকদের সপাটে জবাব কোচের

বিশ্বকাপ মানেই মাঠে যেমন লড়াই, তেমনই মাঠের বাইরেও বিতর্কের ঝড়। এবারের আসরে বারবার আর্জেন্তিনার বিরুদ্ধে ফিফার পক্ষপাতের অভিযোগ তুলেছেন ফুটবলপ্রেমীদের একাংশ। বিশেষ করে রেফারি ও ভিএআর (VAR)-এর একাধিক সিদ্ধান্তের পর সেই বিতর্ক আরও তীব্র হয়েছে। রবিবার কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে নামার আগে এই সমস্ত অভিযোগের কড়া জবাব দিলেন আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি।
সমালোচকদের বিঁধলেন স্কালোনি সাংবাদিক বৈঠকে স্কালোনি স্পষ্ট ভাষায় বলেন, “আমরা আগের বিশ্বকাপ জিতেছি বলেই সম্ভবত অনেকে চায় না আমরা আবার জিতি। আমরা সেটা ভালোভাবেই জানি। তবে এই ধরনের সমালোচনা আমাদের ফুটবলারদের আরও বেশি অনুপ্রাণিত করে। নেতিবাচক মন্তব্যগুলোকে আমরা মাঠে ভালো পারফর্ম করার শক্তি হিসেবে ব্যবহার করি।”
মিশর ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় আর্জেন্তিনাকে নিয়ে হওয়া সমালোচনার প্রেক্ষিতে তিনি বলেন, “১৯৮৬ সালের পর থেকে প্রায় ৪০ বছর কেটে গেছে, তখনও আর্জেন্তিনার বিরুদ্ধে একই অভিযোগ তোলা হতো। তাই এগুলো আমাদের কাছে নতুন কিছু নয়। আর্জেন্তিনাকে নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা সব সময়ই করা হয়।”
বাণিজ্যিক লাভের জল্পনায় জল অনেকের দাবি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা নেইমারের মতো বড় তারকারা বিদায় নেওয়ায় ফিফা মেসিকে ফাইনালে দেখতে চাইছে যাতে তাদের বাণিজ্যিকভাবে লাভ হয়। এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠলে স্কালোনি তা সম্পূর্ণ উড়িয়ে দেন। তিনি বলেন, “পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা আর্জেন্তিনাকে জিততে দেখতে চান না। এটা খেলার একটি স্বাভাবিক অংশ। অন্য দলের ক্ষেত্রেও এমনটা ঘটে থাকে, আমাদের ক্ষেত্রেও হচ্ছে।”
কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি বিতর্ক যতই থাক, আর্জেন্তিনার কোচ ও দল এখন সম্পূর্ণ মনোযোগী সুইৎজারল্যান্ড ম্যাচে। স্কালোনির কথায়, বাইরের সমালোচনা আর্জেন্তিনাকে প্রভাবিত করার বদলে বরং তাদের জয়ের খিদে আরও বাড়িয়ে দিচ্ছে। এখন দেখার বিষয়, মাঠের পারফরম্যান্স দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে আর্জেন্তিনা সেমিফাইনালে জায়গা করে নিতে পারে কি না।