শ্রেয়সের ‘একাই লড়াই’, ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের খোঁজে ভারত

চলতি টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ১৫৮ রান সংগ্রহ করল ভারত। সিরিজ বাঁচানোর এই ডু-অর-ডাই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। তবে শুরুটা মোটেও ভালো হয়নি। ৪৮ রানের মধ্যেই ভারতের টপ অর্ডারের তিন ব্যাটার—বৈভব সূর্যবংশী (১৫), ঈশান কিষাণ (৪) এবং অভিষেক শর্মা (১৬)—দ্রুত সাজঘরে ফিরে যান। পাওয়ার প্লের পরই ভারতীয় ব্যাটিং লাইনআপ প্রবল চাপে পড়ে যায়।
তবে এই কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। এক প্রান্ত আগলে রেখে তিনি অত্যন্ত দায়িত্বশীল ও আক্রমণাত্মক ব্যাটিং উপহার দেন। তাঁর ৪৯ বলে অপরাজিত ৮০ রানের দুর্দান্ত ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি এবং ৫টি ওভার বাউন্ডারি। শ্রেয়সের এই ইনিংসেই ভারত লড়াই করার মতো একটি সম্মানজনক স্কোরে পৌঁছায়। লোয়ার মিডল অর্ডারে শিবম দুবে ২২ রান করলেও তিলক বর্মা (১১) ও ওয়াশিংটন সুন্দর (৫) দ্রুত ফিরে যাওয়ায় বড় রান তুলতে বাধা পায় ভারত।
ইংল্যান্ডের হয়ে জোফ্রা আর্চার দারুণ নিয়ন্ত্রিত বোলিং করে ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। জশ টাং ৩৬ রানে ২ এবং উইল জ্যাকস ১টি উইকেট পান। এখন ১৫৯ রানের এই পুঁজি নিয়ে ভারতীয় বোলাররা ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে কতটা চাপে রাখতে পারে, সেটাই দেখার বিষয়। সিরিজে সমতা ফেরাতে বোলারদের ওপরই এখন ভরসা করছেন ক্রিকেটপ্রেমীরা।