ডোমকলে বড় অঘটন, তৃণমূলকে সরিয়ে পঞ্চায়েত দখল করল সিপিএম!

রাজ্যের রাজনৈতিক সমীকরণে ফের চমক। ডোমকল বিধানসভার ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের শাসনভার টপকে ক্ষমতা দখল করল সিপিএম। বৃহস্পতিবার পঞ্চায়েত প্রধান নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান হিসেবে নির্বাচিত হলেন সিপিএম নেত্রী রুনা লায়লা বিবি। তৃণমূলের প্রাক্তন প্রধান পিঞ্জুরা বিবির স্থলাভিষিক্ত হলেন তিনি।

উল্লেখ্য, বাম-কংগ্রেস জোটের সমর্থনে জয়ী তৃণমূলত্যাগী প্রধান পিঞ্জুরা বিবির বিরুদ্ধে একাধিক অভিযোগে গত ২৭ ফেব্রুয়ারি অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। এরপর পিঞ্জুরা বিবি-সহ ১৬ জন তৃণমূল সদস্য রানিনগরের বিধায়ক জুলফিকার আলির হাত ধরে কংগ্রেসে যোগ দিলে ধুলাউড়ি অঞ্চলে তৃণমূলের অস্তিত্ব সংকটে পড়ে। ক্ষমতার এই পটপরিবর্তনের পর অবশেষে প্রধান নির্বাচনে সিপিএম জয়ী হলো।

বিশেষ উল্লেখযোগ্য যে, বৃহস্পতিবার ১৫ জন সদস্য পঞ্চায়েত ভবনে উপস্থিত হলেও বিরোধী শিবিরের ১৫ জন সদস্য অনুপস্থিত ছিলেন। ফলে ভোটাভুটি কার্যত একতরফা হয়ে যায় এবং ১৫-০ ভোটে জয়ী হন রুনা লায়লা বিবি। শোনা যাচ্ছে, এই নির্বাচনে দুইজন কংগ্রেস সদস্যও সিপিএম প্রার্থীকে সমর্থন জানিয়েছেন। নতুন প্রধান নির্বাচিত হওয়ার পর সিপিএম কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। গোটা প্রক্রিয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পঞ্চায়েত চত্বরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা বলয় ছিল। বিধানসভা নির্বাচনে ডোমকলে জয়ের পর, পঞ্চায়েতের এই জয় বাম শিবিরের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *