বাংলাদেশে ফিরে যাচ্ছেন হাসিনা, রাজনীতি নিয়ে কী প্ল্যান? পুরোটা জানালেন

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ইতিহাসে এক নতুন মোড়। মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়েই দেশে ফেরার কথা ঘোষণা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লিগ সভানেত্রী শেখ হাসিনা। রয়টার্সকে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে হাসিনা জানিয়েছেন, দলের শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে চলতি বছরের ডিসেম্বরেই তিনি বাংলাদেশে ফিরে আদালতের কাছে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন।
মৃত্যুর জন্য প্রস্তুত হাসিনা
২০২৪ সালের ৫ অগাস্ট দেশ ছাড়ার পর থেকে ভারতে আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ জারি রয়েছে। এই পরিস্থিতির কথা জেনেও হাসিনা অবিচল। তিনি বলেন, “ওরা হয়তো আমায় গ্রেফতার করে হত্যা করবে, কিন্তু আমি নিজের দেশে ফিরতে চাই। আমার দলের নেতা ও কর্মীদের ওপর যে অত্যাচার চলছে, তা সহ্য করা কঠিন। আমার মৃত্যু যদি আমার মা-বাবার কবরের মাটিতেই হয়, সেটাই হবে আমার শেষ ঠিকানা।”
আইনি লড়াই ও অনিশ্চয়তা
হাসিনা ছাড়াও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদউজ্জামান খান কমল সহ আওয়ামী লিগের একাধিক হেভিওয়েট নেতার বিরুদ্ধেও মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে ট্রাইব্যুনাল। হাসিনা জানিয়েছেন, ঢাকার প্রশাসন তাঁকে ফেরানোর জন্য ক্রমাগত ভারতের ওপর চাপ সৃষ্টি করছে। সেই টানাপোড়েনের মাঝেই হাসিনার এই ‘স্বেচ্ছায় ফেরার’ ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ভারত কী ভাবছে?
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের অবস্থান এখনও বেশ সতর্ক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের পাঠানো প্রত্যর্পণের আবেদনটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা করে দেখা হচ্ছে। দিল্লি এবং ঢাকা উভয়ই দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং গঠনমূলক আলোচনার ওপর জোর দিচ্ছে। হাসিনা ফিরে এলে বা ভারত সরকার তাঁকে ফেরানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলে তা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বড় প্রভাব ফেলবে বলেই ধারণা করা হচ্ছে।
ডিসেম্বর মাসে হাসিনার এই ফেরা কি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো নতুন সংঘাতের সূত্রপাত ঘটাবে, নাকি তা আইনি পথে কোনো সমাধানের দিকে যাবে? সেদিকেই এখন তাকিয়ে গোটা বিশ্ব।