অমরনাথ যাত্রা শুরু! পুণ্যার্থীদের জন্য ৫টি বিশেষ সংকল্পের বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী!

শুক্রবার থেকে শুরু হলো সনাতন ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বার্ষিক অমরনাথ যাত্রা। এই পবিত্র যাত্রার শুরুতে শিবভক্তদের উদ্দেশ্য করে একটি বিশেষ চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাত্রাটিকে ‘মহা সৌভাগ্যের বিষয়’ আখ্যা দিয়ে তিনি পুণ্যার্থীদের ভক্তি ও শৃঙ্খলার সঙ্গে তীর্থ সম্পন্ন করার আর্জি জানিয়েছেন।
আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক
প্রধানমন্ত্রী তাঁর চিঠিতে অমরনাথ যাত্রাকে ভারতের আধ্যাত্মিক যাত্রার এক চিরন্তন অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, “ভিন্ন ভিন্ন অঞ্চল, ভাষা ও রীতিনীতির মানুষ যখন মহাদেবের আশীর্বাদ পাওয়ার সংকল্প নিয়ে জম্মু ও কাশ্মীরে সমবেত হন, তখন ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’-এর এক অসাধারণ ছবি ফুটে ওঠে।” যাত্রাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার নেপথ্যে থাকা ভারতীয় সেনা, সিআরপিএফ, পুলিশ, আইটিবিপি, বিএসএফ, এনডিআরএফ এবং স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের কঠোর পরিশ্রমের জন্য তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।
মোদী প্রদত্ত ৫টি সংকল্প
এবারের যাত্রায় প্রধানমন্ত্রী তীর্থযাত্রীদের পাঁচটি বিশেষ সংকল্প গ্রহণের অনুরোধ করেছেন:
১. পরিচ্ছন্নতা: যাত্রাপথে কঠোরভাবে পরিচ্ছন্নতার নিয়ম মেনে চলতে হবে।
২. সুরক্ষাবিধি ও শৃঙ্খলা: প্রশাসনের নির্দেশ, ট্র্যাফিক নিয়ম এবং সুরক্ষাবিধি নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। পিচ্ছিল রাস্তা ও আবহাওয়া নিয়ে সতর্ক থাকতে বলেছেন তিনি।
৩. ভোকাল ফর লোকাল: ভ্রমণ খরচের অন্তত ১০ শতাংশ স্থানীয় পণ্য কিনতে ব্যয় করার আবেদন করেছেন তিনি, যা কাশ্মীরের স্থানীয় অর্থনীতি ও যুবকদের রোজগারে সাহায্য করবে।
৪. পরিবেশ রক্ষা: ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচির অধীনে একটি করে চারাগাছ রোপণের মাধ্যমে যাত্রা সমাপ্ত করার আহ্বান জানিয়েছেন।
৫. দেশপ্রেম: ‘নেশন ফার্স্ট’ বা ‘দেশ আগে’ এই ভাবনাকে সঙ্গী করে সৎভাবে দায়িত্ব পালন এবং ‘বিকশিত ভারত’ গড়ার কাজে অংশ নেওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
রাখিবন্ধনের দিন এই যাত্রা সমাপ্ত হবে। প্রধানমন্ত্রীর এই বার্তায় আধ্যাত্মিকতা ও দেশপ্রেমের এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে, যা পুণ্যার্থীদের মনে বাড়তি উৎসাহ জোগাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।