রাজ্যে আসছে অভিন্ন দেওয়ানি বিধি! অগাস্টেই পেশ বিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code – UCC) কার্যকর করার পথে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে এই সংক্রান্ত উচ্চপর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, আগামী অগাস্ট মাসেই বিধানসভায় এই সংক্রান্ত বিল পেশ করা হবে।

কমিটির নেতৃত্বে রঞ্জনা দেশাই সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে এই বিশেষ কমিটি গঠন করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে এই কমিটিকে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিতে বলা হয়েছে। কমিটির সদস্য হিসেবে থাকছেন একজন অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক, আইন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং রাজ্য সরকারের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের একজন অতিরিক্ত সচিব।

কারা থাকছেন আওতার বাইরে? মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উত্তরাখণ্ড ও গুজরাট মডেলকে অনুসরণ করেই এই আইন প্রণয়ন করা হবে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আইনের আওতার বাইরে রাখা হবে রাজ্যের আদিবাসী, মূলবাসী, কুড়মি এবং অন্যান্য স্বীকৃত প্রাচীন জনজাতি সম্প্রদায়কে। সব ধর্মের মানুষের জন্য একটি মাত্র আইন চালু করাই এই বিলের মূল লক্ষ্য।

নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, “ভারতীয় জনতা পার্টির নির্বাচনী সংকল্পপত্রে ইউসিসি কার্যকরের প্রতিশ্রুতি ছিল। সরকার সেই প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর। আমরা যা বলেছি, তা বাস্তবায়িত করব।” জানা গেছে, বিলের খসড়া তৈরির ক্ষেত্রে গুজরাটের ইউনিফর্ম সিভিল কোড বিল-২০২৬, অসমের ইউসিসি আইন এবং উত্তরাখণ্ডের ২০২৪ সালের আইনের কাঠামোকে ভিত্তি হিসেবে ধরা হয়েছে। আগামী ২ জুলাই মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিল অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

রাজ্যের এই সিদ্ধান্তের ফলে প্রশাসনিক এবং রাজনৈতিক স্তরে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। অগাস্টে বিল পেশের পর তা কীভাবে রূপায়িত হয়, এখন সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *