এলপিজি গ্রাহকদের জন্য সুখবর! নিষেধাজ্ঞা তুলে বড় ঘোষণা কেন্দ্রের, স্বস্তি ফিরছে হোটেল-রেস্তোরাঁয়

ইরান-আমেরিকা যুদ্ধের আবহে হরমুজ প্রণালী (Strait of Hormuz) নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা এখন অনেকটাই কেটেছে। আন্তর্জাতিক পরিস্থিতির উন্নতির সাথে সাথেই বড়সড় স্বস্তির খবর শোনাল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। দেশের বাণিজ্যিক এবং ইন্ডাস্ট্রিয়াল এলপিজি (LPG) সরবরাহের ওপর থাকা সমস্ত নিষেধাজ্ঞা এবার প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা শিথিল, খুলল বাণিজ্যের পথ
পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে খবর, দেশে এলপিজির উৎপাদন বৃদ্ধি পাওয়ায় এবং হরমুজ প্রণালী খুলে যাওয়ায় বিদেশ থেকে আমদানিও স্বাভাবিক হয়েছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহের ওপর জারি থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। যুদ্ধপূর্ববর্তী এলপিজি সরবরাহ ব্যবস্থায় ফিরে যাচ্ছে সরকার। এতে হোটেল, রেস্তোরাঁ ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের ব্যবসায়িক খরচ অনেকটা কমবে বলে মনে করা হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়তে পারে খাদ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের ওপর।

বাল্ক এলপিজি ও পিএনজি-র বর্তমান অবস্থা
বাণিজ্যিক সিলিন্ডারের পাশাপাশি বাল্ক এলপিজি সরবরাহও স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। যুদ্ধের আগে যে পরিমাণ সরবরাহ ছিল, বর্তমানে তা ৫০ শতাংশ পুনরুদ্ধার করা হয়েছে। তবে সাধারণ গ্রাহকদের জন্য বড় স্বস্তি থাকলেও, পিএনজি (PNG) ব্যবহারকারীদের ক্ষেত্রে কোনো ছাড় দেয়নি সরকার। বাণিজ্যিক ও ইন্ডাস্ট্রিয়াল গ্রাহকদের জন্য পিএনজি সরবরাহ এখনও স্বাভাবিক করা হয়নি।

পেট্রোকেমিক্যাল শিল্পেও বড় প্রভাব
গৃহস্থালির এলপিজি সরবরাহ নিশ্চিত করতে সরকার আগে ‘এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট’ (ESMA)-এর অধীনে C3 (প্রোপেন, প্রোপিলিন) ও C4 (বিউটেন, বিউটিন) হাইড্রোকার্বন স্ট্রিমগুলিকে এলপিজি উৎপাদনের কাজে ব্যবহারের নির্দেশ দিয়েছিল। এর ফলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতো বড় সংস্থাগুলিকে তাদের পেট্রোকেমিক্যাল উৎপাদন কমাতে হয়েছিল।

নতুন নির্দেশিকায় সরকার এই বিধিনিষেধ শিথিল করেছে। এখন থেকে C3 ও C4 স্ট্রিম পুনরায় পেট্রোকেমিক্যাল ও অন্যান্য শিল্পে ব্যবহার করা যাবে। তবে এক্ষেত্রে একটি শর্ত জুড়ে দিয়েছে কেন্দ্র—দেশে প্রতিদিন অন্তত ৪০,০০০ টনের বেশি এলপিজি উৎপাদন বজায় রাখতে হবে। সরকারের এই সিদ্ধান্তে একদিকে যেমন এলপিজি বাজারের ভারসাম্য ফিরবে, তেমনি দেশের শিল্পক্ষেত্রেও নতুন গতির সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *