টাকা-সোনার পাহাড় লুকোতেই কি বেপাত্তা? এবার সব্যসাচী দত্তর স্ত্রীর বাড়ির দরজায় পুলিশের নোটিশ, তোলপাড় বিধাননগর!

কোটি কোটি টাকা ও কেজিতে কেজিতে সোনা উদ্ধার মামলায় এবার আরও বিপাকে বিধাননগরের প্রাক্তন মেয়র তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্তের পরিবার। তোলাবাজির অভিযোগে সব্যসাচী দত্ত গ্রেফতার হওয়ার পর, এবার তাঁর স্ত্রী ইন্দ্রাণী দত্তকে তলব করল বিধাননগর উত্তর থানার পুলিশ। ডিএল ব্লকে সব্যসাচীর স্ত্রীর বর্তমান বাসভবনের মূল ফটকে ইতিমধ্যেই হাজিরার নোটিশ ঝুলিয়ে দিয়ে এসেছে পুলিশ। তদন্তকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, এই তলব উপেক্ষা করলে নেওয়া হবে কঠোর আইনানুগ ব্যবস্থা। (তথ্যসূত্র: Asianetnews Bangla)
কোটি কোটি টাকা ও সোনার পাহাড়!
উল্লেখ্য, গত ৮ জুন তোলাবাজির একটি মামলায় সব্যসাচী দত্তকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। এরপর ধৃত তৃণমূল নেতাকে হেফাজতে নিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাতেই চক্ষু চড়কগাছ হয় তদন্তকারীদের। সব্যসাচী ও তাঁর স্ত্রীর নামে থাকা একাধিক সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট এবং বিপুল পরিমাণ সোনার হদিশ মেলে। পুলিশ সূত্রে খবর, তাঁদের ৫টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৩ কোটি ৭০ লক্ষ টাকা রয়েছে। এছাড়াও, সব্যসাচীর নিউটাউনের ফ্ল্যাট ও ব্যাংক লকার থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে তিন কেজি সোনা!
বিপাকে স্ত্রী, মিলছে না বিলাসবহুল গাড়ির খোঁজ
এই বিপুল পরিমাণ অর্থ ও অলঙ্কারের কোনও বৈধ উৎস বা হিসেব দিতে পারেননি সব্যসাচী দত্ত। ফলে, এই আয়ের উৎস ঠিক কী, তা জানতেই তাঁর স্ত্রী ইন্দ্রাণী দত্তকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। নোটিশে তাঁকে বুধবার সকাল ১০টার মধ্যে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ সূত্রে খবর, নির্ধারিত সময়ের মধ্যে তিনি হাজিরা দেননি। বস্তুত, সব্যসাচী দত্ত গ্রেফতার হওয়ার পর থেকেই ইন্দ্রাণী দেবীর কোনও হদিশ পাচ্ছে না পুলিশ। এমনকি তাঁর ব্যবহৃত একটি বিলাসবহুল গাড়িও রহস্যজনকভাবে নিখোঁজ!
পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইন্দ্রাণী দত্ত যদি তদন্তে সহযোগিতা না করেন এবং তলবে সাড়া না দেন, তবে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ২০৮ নম্বর ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। তদন্তকারীদের অনুমান, ইন্দ্রাণীকে জিজ্ঞাসাবাদ করা গেলে সব্যসাচীর আরও বহু অঘোষিত সম্পত্তি, বেনামি বিনিয়োগ এবং আর্থিক লেনদেনের চাঞ্চল্যকর তথ্য সামনে আসবে।
ঘনিষ্ঠ নেত্রীর বাড়ি থেকেও উদ্ধার ৪ কোটির সোনা!
সব্যসাচী দত্তর এই বিপুল সম্পত্তির জাল যে কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখছে পুলিশ। গত সোমবারই সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী তথা নদিয়া জেলা পরিষদের সদস্যা টিনা ভৌমিক সাহার পৈতৃক বাড়িতে তল্লাশি চালায় বিধাননগর কমিশনারেটের গোয়েন্দারা। সেখান থেকেও উদ্ধার হয়েছে প্রায় ৩ কেজি সোনার গয়না, যার বাজারমূল্য আনুমানিক ৪ কোটি ৩৯ লক্ষ টাকা! এত সোনা ও টাকার পাহাড়ের নেপথ্যে আসলে কোন বড় রহস্য লুকিয়ে রয়েছে, এখন সেটাই খতিয়ে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিশ।