সিন্ধু জল নিয়ে মোদী সরকারের কড়া পদক্ষেপ! যুদ্ধের হুমকি দিয়ে কী বললেন পাক মন্ত্রী?

ফের যুদ্ধের দামামা পাকিস্তান সীমান্তে। এবার ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুমকি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে মোদী সরকারের সাম্প্রতিক কঠোর অবস্থানের জেরেই ইসলামাবাদ এই চরম পথ বেছে নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
কী বলেছেন পাক প্রতিরক্ষামন্ত্রী? সম্প্রতি ‘এআরওয়াই নিউজ’-কে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে খোয়াজা আসিফ বলেন, “জল আমাদের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। যে মুহূর্তে আমরা অনুভব করব ভারত আমাদের জল সরবরাহ বন্ধ করে আমাদের অস্তিত্ব সংকটে ফেলছে, সেই মুহূর্তেই আমরা যুদ্ধের পথে হাঁটব।” তিনি আরও যোগ করেন, ভারতের পক্ষ থেকে জল প্রবাহ বন্ধ করার প্রমাণ মিললে পাকিস্তানের সামনে সামরিক সংঘাত ছাড়া অন্য কোনো পথ খোলা থাকবে না।
উত্তেজনার কেন্দ্রে সিন্ধু জলচুক্তি মূলত কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাতিলের একটি মন্তব্যকে কেন্দ্র করেই নতুন করে উত্তপ্ত ভারত-পাক সম্পর্ক। সিআর পাতিল জানিয়েছেন, আগামী ২০২৮ সালের জুনের মধ্যে পাকিস্তান অভিমুখে সিন্ধু নদের জল প্রবাহ সম্পূর্ণ বন্ধ করার পরিকল্পনা করছে ভারত। অর্থাৎ, এক ফোঁটা জলও আর সীমান্ত পেরিয়ে পাকিস্তানে যাবে না। ভারতের এই সিদ্ধান্তের পরেই কার্যত কোণঠাসা পাকিস্তান যুদ্ধের ভয় দেখিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষার চেষ্টা করছে।
জল সংকটে ধুঁকছে পাকিস্তান যুদ্ধের হুঁশিয়ারি দিলেও, পাকিস্তানের অন্দরের ছবিটা ভয়াবহ। বর্তমানে দেশটি চরম জল সংকটে ভুগছে। সিন্ধ ও বালুচিস্তানের মতো কৃষিপ্রধান অঞ্চলে ভয়াবহ জলের অভাবে হাহাকার চলছে। সেচ দফতরের তথ্য অনুযায়ী, সুক্কুর ব্যারেজের অববাহিকায় রাইস ক্যানেলে ৩৮% এবং দাদু ক্যানেলে ৮২% পর্যন্ত জলের ঘাটতি দেখা দিয়েছে। এই সংকট নিয়ে পাঞ্জাব ও সিন্ধ প্রদেশের মধ্যে অভ্যন্তরীণ বিবাদও চরমে পৌঁছেছে।
বিশ্লেষকদের মতে, নিজের দেশের অভ্যন্তরীণ এই জল সংকট থেকে নজর ঘোরাতেই পাকিস্তান এখন ভারত বিরোধী যুদ্ধের কার্ড খেলছে। ভারতের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো না হলেও, নয়াদিল্লি যে এই প্ররোচনামূলক মন্তব্যের যোগ্য জবাব দেবে, তা বলাই বাহুল্য।