ইউক্রেনে যুদ্ধের অবসান চায় রাশিয়া: জানালেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের অবসান চায় এবং এটি অনিবার্যভাবে কূটনৈতিক সমাধানের সঙ্গে সংশ্লিষ্ট।
তিনি বলেন, “সামরিক সংঘাতের চলন্ত চাকা ঘোরানো আমাদের লক্ষ্য নয়। বরং যুদ্ধ শেষ করাটাই লক্ষ্য। আমরা এ যুদ্ধ শেষ করার জন্য সংগ্রাম চালিয়ে যাব। তা যত তাড়াতাড়ি হয় সেটি অবশ্যই মঙ্গল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরের পরদিন বৃহস্পতিবার পুতিন সাংবাদিকদের বলেছেন, “আমি বহুবার বলেছি: বৈরিতা বেড়ে গেলে তা অহেতুক ক্ষয়ক্ষতি ডেকে আনে।”

রাশিয়া লাগাতার বলে আসছে তারা আলোচনার দ্বার উন্মুক্ত রেখেছে। কিন্তু ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে সন্দিহান। তাদের ধারণা, ইউক্রেনে ১০ মাসের যুদ্ধে কয়েকদফায় পরাজয় এবং পিছু হটার পর রাশিয়া আলোচনার নামে কালক্ষেপণ করতে চাইছে।

রাশিয়া বলছে, ইউক্রেন আলোচনা করতে অস্বীকৃতি জানাচ্ছে। আর কিইভ বলছে, রাশিয়াকে হামলা বন্ধ করতে হবে এবং তাদের ভূখন্ড ছেড়ে দিতে হবে।

পুতিন বলেছেন, “সব সংঘাতই কূটনৈতিক পথে কোনও ধরনের আলোচনার মধ্য দিয়ে একভাবে নয়ত অন্যভাবে শেষ হয়।”

“সংঘাতে জড়িত কোনও পক্ষ তাড়াতাড়ি অথবা দেরিতে আলোচনায় বসে এবং কোনও চুক্তি করে। আমাদের বরোধিতা যারা করছে তাদের একথা যত দ্রুত উপলব্ধিতে আসবে ততই ভাল।আমরা কখনওই এ ব্যাপারে হাল ছেড়ে দেব না।”

এদিকে প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের বিষয়েও কথা বলেছেন। সম্প্রতি প্রেসিডেন্ট বাইডেন এই প্রতিরক্ষা ব্যবস্থাটি জেলেনস্কিকে সরবরাহ করতে সম্মত হন। প্রেসিডেন্ট পুতিন বলছেন, রাশিয়া এটি মোকাবিলার একটি উপায় খুঁজে বের করবে।

পুতিন দাবি করেছেন, প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমটি ‘বেশ পুরোনো’ এবং রাশিয়ার এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মতো কাজ করে না। রাশিয়ার প্রেসিডেন্টের ভাষায়, ‘একটি প্রতিষেধক সর্বদা পাওয়া যাবে। তাই যারা এটা করছে তারা বৃথাই করছে। এটা শুধু দ্বন্দ্বকে দীর্ঘায়িত করবে, এটাই সব।’

সূত্র: রয়টার্স

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *