আফগান বধের পর টিম ইন্ডিয়ায় বড় রদবদল, চেন্নাইয়ের লড়াইয়ের আগে নতুন এন্ট্রি হার্ষিত রানার

ভারত বনাম আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ তথা তৃতীয় ম্যাচটি আগামীকাল, ২০শে জুন চেন্নাইয়ের ঐতিহাসিক চিপক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। সিরিজ ইতিমধ্যেই ২-০ ব্যবধানে ভারতের দখলে থাকলেও, শেষ ম্যাচটি কেবল নিয়মরক্ষার নয়, বরং ভারতীয় দলের পরীক্ষার মঞ্চ। ম্যাচের ঠিক একদিন আগে বিসিসিআই এক গুরুত্বপূর্ণ ঘোষণায় জানিয়েছে যে, চোট সারিয়ে দলে যোগ দিলেন তরুণ পেসার হার্ষিত রানা।
বিসিসিআই-এর পক্ষ থেকে প্রকাশিত প্রেস রিলিজে জানানো হয়েছে, হাঁটুতে চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা হার্ষিত রানা তাঁর রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সময় লিগামেন্টে চোট পেয়েছিলেন তিনি। এরপর ফেব্রুয়ারিতে তাঁর অস্ত্রোপচার হয়, যার ফলে আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ—উভয় থেকেই ছিটকে যেতে হয়েছিল ২৪ বছর বয়সী এই প্রতিভাবান পেসারকে। প্রধান কোচ গৌতম গম্ভীরের অধীনে হার্ষিত বরাবরই বিশেষ গুরুত্ব পেয়ে এসেছেন এবং তাঁর অন্তর্ভুক্তি ভারতীয় বোলিং লাইনআপে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এর আগে লখনউয়ের ইকানাতে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আফগানিস্তানকে ১৭০ রানের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ভারত স্কোরবোর্ডে তুলেছিল ৪৩২ রানের পাহাড়। শুভমন গিলের ১১০ বলে ১৫৪ রান এবং ঈশান কিষাণের ৭৯ বলে ১২৫ রানের ঝোড়ো ইনিংস আফগান বোলারদের কোণঠাসা করে ফেলেছিল। জবাবে আফগানিস্তান মাত্র ২৩২ রানে অলআউট হয়ে যায়। ভারতের হয়ে বল হাতে গুরনূর বারার ও অর্শদীপ সিং ৩টি করে উইকেট দখল করেন, অন্যদিকে অভিষেক ম্যাচে প্রিন্স যাদব ২ উইকেট তুলে নিয়ে নিজের জাত চিনিয়েছেন।
সিরিজের প্রথম ম্যাচেও বৃষ্টিবিঘ্নিত লড়াইয়ে ৭ উইকেটে জয় পেয়েছিল ভারত। ফলে চেন্নাইয়ে সিরিজের শেষ ম্যাচে ক্লিন সুইপ করাই এখন রোহিত-শুভমনদের মূল লক্ষ্য। তবে হার্ষিত রানার ফিরে আসায় শেষ ম্যাচে একাদশে পরিবর্তনের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এখন দেখার, চিপকের স্পিন-সহায়ক পিচে ভারতের পেস ব্যাটারি কীভাবে আফগান ব্যাটারদের রুখে দেয়।
তৃতীয় ওয়ানডের জন্য ঘোষিত ভারতীয় স্কোয়াড: শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), কেএল রাহুল (উইকেট-কিপার), ঈশান কিষাণ (উইকেট-কিপার), নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, প্রিন্স যাদব, গুরনূর বারার, হর্ষ দুবে, যশস্বী জয়সওয়াল ও হার্ষিত রানা।