‘কল্কি’র সিক্যুয়েলে আলিয়া ভাটের চমক! দীপিকার বিকল্প হতেই ধেয়ে এল কটাক্ষের বাণ

পরিচালক নাগ অশ্বিনের ব্লকবাস্টার সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’-এর সিক্যুয়েল নিয়ে সরগরম সিনেদুনিয়া। প্রভাস, অমিতাভ বচ্চন এবং কমল হাসানের মতো তারকাখচিত এই মেগা প্রজেক্টের দ্বিতীয় কিস্তিতে কার কার দেখা মিলবে, তা নিয়ে চলছে জল্পনা। তবে সব চর্চাকে ছাপিয়ে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে আলিয়া ভাটের নাম। শোনা যাচ্ছে, এই সায়েন্স-ফিকশন মহাকাব্যে এবার দেখা যেতে পারে আলিয়াকে।

প্রথম পর্বে দীপিকা পাড়ুকোনের চরিত্রটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দীপিকার ‘আট ঘণ্টার কাজের শর্ত’ সংক্রান্ত বিতর্কের জেরে সিক্যুয়েল থেকে তাঁর বাদ পড়ার খবর ছড়াতেই শুরু হয় জল্পনা— তাহলে কে নেবেন তাঁর জায়গা? এরই মধ্যে আলিয়া ভাটের নাম উঠে আসায় শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সূত্রের খবর, হায়দরাবাদে ইতিমধ্যেই সিনেমার কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য শুট করেছেন ‘গাঙ্গুবাঈ’।

আলিয়া কি দীপিকার বিকল্প? অনেকের ধারণা, প্রথম ভাগের ‘সুমতি’ চরিত্রে আলিয়াকে দেখা যেতে পারে। এই খবর ছড়াতেই নেটপাড়ার একাংশ সরব হয়েছেন। রণবীর কাপুরের ঘরণীকে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা এবং কটাক্ষ। তবে নেটিজেনদের একাংশ এ নিয়ে তীব্র আপত্তিও জানিয়েছেন।

নতুন চরিত্রে আলিয়া? সূত্রের দাবি, দীপিকার সরাসরি বিকল্প হিসেবে নয়, বরং এই সায়েন্স-ফিকশন ইউনিভার্সে একদম নতুন ও শক্তিশালী একটি চরিত্রে দেখা যেতে পারে আলিয়াকে। অনুরাগীদের একাংশের দাবি, হিন্দু পুরাণ অনুযায়ী কলিযুগের অন্যতম অমর চরিত্র ‘দেবী বৈষ্ণো দেবী’র রূপে অবতীর্ণ হতে পারেন আলিয়া, যিনি সুমতি ও তাঁর সন্তানকে রক্ষা করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *