‘সাপদের জীবন থেকে সরিয়ে নতুন অধ্যায়’, নীলকে ছাড়াই বিলাসবহুল গাড়ির মালিক তৃণা!

ফের একবার টলিপাড়ার জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য এবং তৃণা সাহাকে নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। সম্প্রতি বিলাসবহুল গাড়ি কিনে নিজের জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন ‘পরশুরাম’ খ্যাত অভিনেত্রী তৃণা সাহা। তবে এই বিশেষ দিনে তাঁর পাশে নীলের অনুপস্থিতি যেন বিচ্ছেদের জল্পনাকে আরও জোরালো করে তুলল।

গাড়ি কিনলেন তৃণা:
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে তৃণা জানিয়েছেন, ৫ বছর আগের দেখা স্বপ্ন আজ তিনি পূরণ করেছেন। সাদা পোশাকে নিজের আদরের সারমেয় ‘চিনি’কে কোলে নিয়ে গাড়ির শোরুমে পৌঁছন অভিনেত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, “লক্ষ্য কখনোই গাড়িটা ছিল না। লক্ষ্য ছিল এমন একজন নারী হয়ে ওঠা, যে নিজেই গাড়িটা কিনতে সক্ষম।” নিজের অর্জনে তৃণা গর্বিত হলেও, তাঁর জীবনের এই বড় অর্জনের মুহূর্তে নীলের অনুপস্থিতি অনুরাগীদের নজর এড়ায়নি।

কীভাবে দানা বাঁধল বিচ্ছেদের জল্পনা?
গত ৮ জুন নীল ভট্টাচার্যের জন্মদিনে এই জল্পনা চরম আকার নেয়। কাছের বন্ধুদের নিয়ে জমজমাট পার্টি হলেও সেখানে উপস্থিত ছিলেন না তৃণা। সোশ্যাল মিডিয়ায় নীলকে জন্মদিনের শুভেচ্ছাও জানাননি তিনি। বরং এর পরিবর্তে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক বিস্ফোরক ও ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করেন অভিনেত্রী। একটি পোস্টে তৃণা লেখেন, “অনুতাপ?? হাহাহা না, আমার আসল মানুষেরা এখনও আমার সাথেই আছে, আমি শুধু কিছু সাপকে হারিয়েছি!” অন্য একটি পোস্টে আলবার্ট আইনস্টাইনের কোটেশন শেয়ার করে ‘নতুন জীবন’ ও ‘নতুন অধ্যায়ের’ ইঙ্গিত দিয়েছেন তিনি।

সম্পর্কের টানাপোড়েনের ইতিহাস:
২০২১ সালের ৪ ফেব্রুয়ারি রূপকথার মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হন দীর্ঘদিনের প্রেমিক-প্রেমিকা নীল ও তৃণা। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সেই বিয়ের আয়োজন টলিপাড়ায় ব্যাপক সাড়া ফেলেছিল। তবে বিয়ের বছর ঘুরতেই সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে আসে। সোশ্যাল মিডিয়ায় একে-অপরকে আনফলো করা থেকে শুরু করে ‘চুক্তির বিয়ে’র গুঞ্জন—বারবার শিরোনামে উঠে এসেছে তাঁদের দাম্পত্য সংকট। যদিও প্রতিবারই নীল ও তৃণা এই খবরগুলোকে ‘ভুয়ো’ বলে দাবি করেছেন।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তৃণার এই একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট এবং নীলের নীরবতা দেখে অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে—এই রাজকীয় জুটির সম্পর্ক কি তবে সত্যিই আর জোড়া লাগার অবস্থায় নেই?