পেলিং বা রাবাংলা নয়, পাহাড়ের কোলে লুকিয়ে আছে এই স্বর্গ! চিনুন দক্ষিণ সিকিমের শান্ত গ্রাম ‘বোরং’

পাহাড় ভ্রমণের কথা উঠলেই বাঙালির মনে সবার আগে আসে উত্তরবঙ্গ। কিন্তু বারংবার রাবাংলা বা পেলিং ঘুরে আপনি কি ক্লান্ত? তাহলে এবার নিজের গন্তব্য বদলে ফেলুন। দক্ষিণ সিকিমের কোলে লুকিয়ে থাকা এক অপূর্ব গ্রাম ‘বোরং’ আপনার অপেক্ষায়। সবুজে ঘেরা এই শান্ত গ্রামটি ভ্রমণপিপাসুদের জন্য এক আদর্শ ঠিকানা।
কেন যাবেন বোরংয়ে?
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫৮০০ ফুট উচ্চতায় অবস্থিত বোরং পেলিং বা রাবাংলার মতো পর্যটকদের ভিড়ে ঠাসা নয়। যারা নিরিবিলিতে প্রকৃতির কাছাকাছি কয়েকটা দিন কাটাতে চান, তাদের জন্য এর চেয়ে ভালো জায়গা কমই আছে। ভোরের আলোয় দূরের মাউন্ট নারসিং-এর দিকে তাকিয়ে সকাল শুরু করা বা অলস দুপুরে হোমস্টের বারান্দায় বসে মেঘেদের লুকোচুরি দেখা—এ এক দারুণ অভিজ্ঞতা। তবে সাবধান, দেরি করে ঘুম থেকে উঠলে মেঘের আড়ালে হারিয়ে যেতে পারে হিমালয়ের রূপ!
কীভাবে পৌঁছাবেন?
শিয়ালদহ বা হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি (NJP) পর্যন্ত ট্রেন ভ্রমণ। এনজেপি থেকে বোরংয়ের দূরত্ব প্রায় ১৬১ কিলোমিটার। সড়কপথে গাড়ি নিয়ে যেতে সময় লাগবে প্রায় ৬ ঘণ্টা। চাইলে নামচি হয়েও যাওয়া যায়, তবে পথে পড়বে রাবাংলা।
জরুরি কিছু টিপস:
আবাসন: এই গ্রামে জনবসতি কম, তাই হোমস্টের সংখ্যাও সীমিত। শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে যাওয়ার আগে অবশ্যই বুকিং সেরে রাখুন।
কী করবেন: গ্রামটি ছোট হওয়ায় পায়ে হেঁটেই ঘুরে দেখা যায়। অ্যাডভেঞ্চার প্রিয় হলে মেনামের জঙ্গলে ট্রেকিং করতে পারেন। এছাড়া গাড়ি নিয়ে ঘুরে আসতে পারেন রাবাংলা, রালাং মনাস্ট্রি এবং জনপ্রিয় রালাং হট স্প্রিং।
পাহাড়ের খাঁজে একান্তে সময় কাটাতে চাইলে এবারের ছুটিতে আপনার তালিকা থাকতেই হবে ‘বোরং’।