হাইকোর্টে বড় ধাক্কা অরূপ বিশ্বাসের! রক্ষাকবচ পেলেন না প্রাক্তন মন্ত্রী, বাড়ল গ্রেফতারির আশঙ্কা

মেসিকাণ্ডে ফের বড়সড় আইনি বিপাকে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সোমবার বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ থাকলেও তিনি তা এড়ান। অন্যদিকে, গ্রেফতারির আশঙ্কা থেকে মুক্তি পেতে হাইকোর্টের দ্বারস্থ হলেও সেখানে কোনো রক্ষাকবচ পেলেন না তিনি। আদালতের এই অবস্থানে প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা।

আদালতে অরূপ বিশ্বাসের আর্জি ও আদালতের প্রতিক্রিয়া
সোমবার সকাল থেকেই প্রাক্তন মন্ত্রী গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে জরুরি ভিত্তিতে রক্ষাকবচ পাওয়ার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁর আইনজীবী আদালতে জানান, অরূপ বিশ্বাসের ভাই ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন এবং তিনিও যেকোনো সময় গ্রেফতার হতে পারেন। পাশাপাশি, ঘটনার ৬ মাস পর পুলিশ কেন তাঁকে ডেকে পাঠাচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন।

তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর আবেদনে কোনো বিশেষ গুরুত্ব দেননি। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, “এই ধরনের মামলায় জরুরি ভিত্তিতে শুনানি সম্ভব নয়। নিয়ম মেনেই শুনানি হবে। গ্রেফতারির আশঙ্কা থাকলে ক্রিমিনাল বেঞ্চে আগাম জামিনের আবেদন করুন।” আদালতের এই নির্দেশের ফলে অরূপ বিশ্বাসের আইনি রক্ষাকবচ পাওয়ার প্রাথমিক চেষ্টা ধাক্কা খেল।

হাজিরা এড়িয়ে তল্লাশির মুখোমুখি
বিধাননগর দক্ষিণ থানার পক্ষ থেকে রবিবারই অরূপ বিশ্বাসের বাড়িতে নোটিস সেঁটে দেওয়া হয়েছিল। সোমবার সকাল ১১টার মধ্যে তাঁকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি থানায় হাজিরা দেননি। পুলিশি তলব এড়িয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। জানা গিয়েছে, সোমবারই পুলিশ তাঁর বাড়িতে তল্লাশি অভিযানে যেতে পারে।

রাজনৈতিক মহলে গুঞ্জন
প্রাক্তন মন্ত্রীর বাড়িতে পুলিশের নোটিস সেঁটে দেওয়া এবং আদালতের নির্দেশের পর থেকেই বিরোধী শিবির সোচ্চার হয়েছে। রাজ্য রাজনীতির এই নতুন সমীকরণে অরূপ বিশ্বাসের পরবর্তী পদক্ষেপ কী হয়, তা নিয়ে এখন কৌতূহল তুঙ্গে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আদালতের দরজা থেকে খালি হাতে ফেরায় অরূপ বিশ্বাসের আইনি রক্ষাকবচ পাওয়া এখন কঠিন চ্যালেঞ্জের মুখে।