“প্রতিটি সিলিন্ডারে প্রায় ৭০০ টাকা লোকসান”-LPG-র দাম বৃদ্ধি নিয়ে কি বলছে কেন্দ্র?

ফের মধ্যবিত্তের রান্নাঘরে বড় ধাক্কা। তেল কোম্পানিগুলো গার্হস্থ্য LPG সিলিন্ডারের দাম এক লাফে ২৯ টাকা বাড়িয়ে দিল। এই মূল্যবৃদ্ধির ফলে আজ থেকে কলকাতায় ১৪.২ কেজির একটি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৬৮ টাকায়, যা আগে ছিল ৯৩৯ টাকা। দিল্লিতে এই দাম ৯১৩ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৪২ টাকা।

কেন এই মূল্যবৃদ্ধি? গত কয়েক মাস ধরেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ঊর্ধ্বমুখী ছিল, এবার তার আঁচ পড়ল গৃহস্থালির গ্যাসের ওপর। সরকারি তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির তুলনায় জুন ২০২৬-এ এলপিজির সৌদি কনট্রাক্ট প্রাইস (CP) প্রায় ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে হরমুজ প্রণালীর অবরোধ এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা, যার ফলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ কমেছে এবং জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে।

সরকারের বক্তব্য: মূল্যবৃদ্ধি নিয়ে অস্বস্তিতে থাকা গ্রাহকদের উদ্দেশ্যে সরকার একটি বিবৃতি জারি করেছে। সরকারের দাবি:

  • ভর্তুকি ও লোকসান: একটি সিলিন্ডার গ্রাহকের কাছে পৌঁছাতে প্রায় ১৬০০ টাকার বেশি খরচ হয়, ফলে প্রতিটি সিলিন্ডারে প্রায় ৭০০ টাকা লোকসান বা ‘আন্ডার-রিকভারি’ হচ্ছে সরকারের। গত বছর এই খাতে সরকারের আনুমানিক লোকসান ছিল ৬০,০০০ কোটি টাকা।

  • তুলনামূলক অবস্থান: সরকারের দাবি, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান বা শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশ তো বটেই, বরং আমেরিকা, অস্ট্রেলিয়া ও কানাডার মতো উন্নত দেশগুলোর তুলনায় ভারতে রান্নার গ্যাসের দাম এখনও অনেকটাই কম।

  • সরবরাহ পরিস্থিতি: হরমুজ প্রণালীতে যুদ্ধের উত্তেজনা সত্ত্বেও ভারত যে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে ঘাটতি হতে দেয়নি, তাও সরকারের বিবৃতিতে বিশেষ গুরুত্ব পেয়েছে।

উল্লেখ্য, গত ৭ মার্চ বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে সিলিন্ডার পিছু ৬০ টাকা বাড়ানো হয়েছিল। তিন মাসের ব্যবধানে এটি দ্বিতীয়বার দাম বৃদ্ধি। একদিকে মুদ্রাস্ফীতি, অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের এই লাগাতার মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের বাজেট যে বড়সড় ধাক্কা খেল, তা বলাই বাহুল্য।