গরমে এনার্জি ড্রিঙ্ক নয়, পান করুন আখের রস! জেনে নিন এর ৫টি জাদুকরী গুণ

তীব্র দাবদাহে এক গ্লাস ঠান্ডা আখের রস মানেই যেন প্রাণজুড়ানো তৃপ্তি। তবে শুধু তেষ্টা মেটানোই নয়, আয়ুর্বেদ শাস্ত্র মতে ‘ইক্ষুরস’ হলো এক প্রাকৃতিক ওষুধ। প্যাকেটজাত এনার্জি ড্রিঙ্কের তুলনায় এটি যেমন সুলভ, তেমনই এর স্বাস্থ্যগুণ বহুগুণ বেশি।
প্রকৃতির সেরা মাল্টিভিটামিন:
আখের রসে রয়েছে ৭০ শতাংশ জল এবং সুক্রোজ, গ্লুকোজ ও ফ্রুক্টোজের মতো প্রাকৃতিক শর্করা। এছাড়া এতে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন এবং ভিটামিন A, C ও B কমপ্লেক্স। যেহেতু এতে ক্যালোরি কম এবং ফাইবার নেই, তাই এটি সরাসরি শরীরে শক্তি জোগায় এবং পরিপাকতন্ত্রের ওপর বাড়তি চাপ ফেলে না।
আখের রসের ৫টি জাদুকরী গুণ:
১. লিভারের ন্যাচারাল ডিটক্স: জন্ডিস বা ফ্যাটি লিভারের মতো সমস্যায় আখের রস অত্যন্ত কার্যকর। এটি শরীরে বিলিরুবিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং অ্যান্টি-অক্সিডেন্টের মাধ্যমে লিভার থেকে টক্সিন বের করে দেয়।
২. ইউরিন ইনফেকশন ও কিডনি সুস্থতায়: আখের রস মূত্রবর্ধক হিসেবে কাজ করে, যা প্রস্রাবের ইনফেকশন (UTI) দূর করতে সাহায্য করে এবং কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায়।
৩. ইনস্ট্যান্ট এনার্জি: জিম বা শারীরিক পরিশ্রমের আগে আখের রস দারুণ এনার্জি বুস্টার। কোল্ড ড্রিঙ্কের মতো এতে ক্যাফেইন থাকে না, তাই শরীরকে সতেজ করে তোলার পাশাপাশি এটি হৃদস্পন্দন নিয়ন্ত্রণে রাখে।
৪. ত্বকের উজ্জ্বলতা: আখের রসে থাকা আলফা হাইড্রক্সি অ্যাসিড (AHA) মৃত কোষ সরিয়ে নতুন কোষ তৈরিতে সাহায্য করে। নিয়মিত পানে ত্বক উজ্জ্বল হয় এবং ব্রণের সমস্যা কমে।
৫. ইমিউনিটি বুস্টার: ভিটামিন C ও অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর এই পানীয় সর্দি-কাশি ও ভাইরাল ফিভারের মতো সমস্যা রুখতে দারুণ ভূমিকা পালন করে।
খাওয়ার ক্ষেত্রে মেনে চলুন ৩টি ‘সোনার নিয়ম’:
তাজা পান করুন: দোকান থেকে সরাসরি মেশিনে তৈরি করা রস পান করুন। ১৫ মিনিটের বেশি সময় রাখলে এতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এছাড়া বরফ দেওয়া রস এড়িয়ে চলাই শ্রেয়।
ভরা পেটে খান: খালি পেটে আখের রস খেলে অ্যাসিডিটি হতে পারে। তাই খাবারের পর পান করাই ভালো। তবে ডায়াবেটিস রোগীরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই এটি গ্রহণ করবেন।
উপকরণ মিশিয়ে নিন: স্বাদের ভারসাম্য ও হজমশক্তি বাড়াতে আখের রসে আদা কুচি, লেবুর রস এবং বিটনুন মিশিয়ে নেওয়া সবচেয়ে ভালো।
কাদের এড়িয়ে চলা উচিত?
যাঁদের ডায়াবেটিস রয়েছে, যারা ওবেসিটিতে ভুগছেন এবং যাদের সহজে ঠান্ডা লাগার ধাত আছে, তাদের আখের রস এড়িয়ে চলাই ভালো। রস ঠান্ডা প্রকৃতির হওয়ায় তা সর্দি-কাশির সমস্যা বাড়াতে পারে।