অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে? সময়সীমা জানিয়ে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

বাংলার মহিলাদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতে বিজেপি সরকার নিয়ে এসেছে ‘অন্নপূর্ণা যোজনা’। বুধবার থেকেই এই প্রকল্পের প্রথম পর্যায়ের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠাতে শুরু করেছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন ছিল—ফর্ম জমা দেওয়ার কতদিনের মধ্যে টাকা অ্যাকাউন্টে আসবে? সেই সংশয় দূর করলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
কতদিনের মধ্যে টাকা পাবেন?
মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, আবেদনকারীদের ফর্ম যাচাইয়ের প্রক্রিয়া শেষে খুব দ্রুত টাকা পৌঁছে দেওয়া হচ্ছে। তাঁর কথায়, “যদি কেউ শুক্রবার ফর্ম জমা দেন, তবে তার পরবর্তী ৭ থেকে ৮ দিনের মধ্যেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে।” অর্থাৎ, আবেদন অনুমোদিত হওয়ার সপ্তাহখানেকের মধ্যেই মহিলারা তাঁদের মাসিক আর্থিক সহায়তার টাকা পেয়ে যাবেন।
আবেদন প্রক্রিয়ায় নজরদারি:
মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে, প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতেই এবার বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। তিনি বলেন, “প্রথমে ভেবেছিলাম ফর্ম ছাড়া সরাসরি টাকা দেওয়া সম্ভব হবে, কিন্তু পরে দেখা যায় তালিকায় হাজার হাজার ভুয়ো নাম রয়েছে। তাই এখন প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খ যাচাই করা হচ্ছে।” স্বচ্ছতার স্বার্থেই এবার অনলাইনে আবেদনের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
কারা পাবেন এই সুবিধা? (এক নজরে শর্তাবলী):
অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে হলে নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে:
বয়স: আবেদনকারী মহিলাকে অবশ্যই ২৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে হতে হবে।
পেশা: স্থায়ী সরকারি কর্মচারী, পেনশনভোগী বা নিয়মিত সরকারি বেতনভুক মহিলারা এই প্রকল্পের আওতাভুক্ত নন।
আয়কর: যারা আয়কর প্রদান করেন (Income Tax Payer), তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
লিঙ্গ ও নাগরিকত্ব: শুধুমাত্র পশ্চিমবঙ্গের মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ইতিমধ্যেই ২৮ লক্ষের বেশি মহিলার নাম নথিভুক্ত করা হয়েছে। প্রতি সপ্তাহে নারী ও শিশুকল্যাণ মন্ত্রী নিজে টাকা পাওয়ার পরিসংখ্যান প্রকাশ করবেন বলে জানানো হয়েছে।