‘টক্সিক’-এর সেটে কিয়ারাকে কথা বলতে নিষেধ! কেন এমন কড়া নির্দেশ পরিচালকের?

দক্ষিণি সুপারস্টার যশের আগামী বিগ বাজেট ছবি ‘টক্সিক’ নিয়ে সিনেপ্রেমীদের উত্তেজনার পারদ তুঙ্গে। যশের বিপরীতে এই ছবিতে বলিউড ডিভা কিয়ারা আদবানিকে দেখার জন্য মুখিয়ে আছেন অনুরাগীরা। আগামী ৪ জুন মুক্তি পেতে চলা এই হাই-ভোল্টেজ সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন স্বয়ং কিয়ারা।

সেটে কড়া নিষেধাজ্ঞা পরিচালকের সাধারণত সেটে হাসি-খুশি মেজাজে থাকতেই পছন্দ করেন কিয়ারা। সবাইকে দেখলেই ‘গুড মর্নিং’ বা সৌজন্য বিনিময়ে অভ্যস্ত তিনি। কিন্তু ‘টক্সিক’-এর সেটে সেই অভ্যাসে ছেদ টানেন পরিচালক গীতু মোহনদাস। কিয়ারা জানান, ছবির প্রয়োজনে তিনি যাতে চরিত্রের ভেতরে পুরোপুরি ঢুকে যেতে পারেন, সেজন্য পরিচালক তাঁকে সেটে কারোর সঙ্গেই কথা না বলার কড়া নির্দেশ দিয়েছিলেন।

কী বলেছিলেন গীতু? নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কিয়ারা জানান, পরিচালক তাঁকে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন— “আগামীকাল যখন তুমি সেটে আসবে, আমি চাই না তুমি কারওর সঙ্গে কোনো সৌজন্য বিনিময় করো। এমনকি নিজের টিমের সদস্যদের সঙ্গেও হাই-হ্যালো চলবে না। আমি চাই তুমি সরাসরি এসে নিজের ‘ক্যারেক্টার জোনে’ ঢুকে যাও এবং সারাদিন সেভাবেই থাকো।”

অভিনয়ের গভীরে কিয়ারা পরিচালকের এই কড়া নিয়ম প্রথমে অদ্ভুত মনে হলেও, শেষ পর্যন্ত তা অভিনেত্রীকে অনেক সাহায্য করেছে বলে জানিয়েছেন কিয়ারা। এই অদ্ভুত কৌশলের কারণেই তিনি চরিত্রটির গূঢ় মনস্তত্ত্ব বুঝতে এবং তা পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন।

প্রসঙ্গত, ‘টক্সিক’ ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে যে বিশাল প্রত্যাশা তৈরি হয়েছে, কিয়ারার এই নিষ্ঠা এবং পরিচালকের এই কঠোর পরিশ্রম সেই প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়েছে। এখন অপেক্ষা শুধু ৪ জুনের, যখন বড় পর্দায় যশের সঙ্গে কিয়ারার রসায়ন দেখার সুযোগ পাবেন দর্শকরা।