AI-কেড়ে নেবে লাখ লাখ চাকরি? নিজের ‘ভুল ধারণা’ ভেঙে যা বললেন স্যাম অল্টম্যান!

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর দ্রুত অগ্রগতির ফলে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ চাকরি হারাবেন—বিগত কয়েক বছর ধরে চলা এই চরম আতঙ্ক ও বিতর্কে এবার ঘি ঢাললেন খোদ ওপেনএআই (OpenAI) প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। তবে এবার কোনো ভয়ের খবর নয়, বরং বিশ্ববাসীকে এক মস্ত বড় আশার বাণী শোনালেন তিনি। অল্টম্যান স্পষ্ট জানিয়েছেন, এআই-এর কারণে বিশ্বজুড়ে চাকরি ক্ষেত্রে কোনো বড় ধরনের ‘মহাবিপর্যয়’ বা ক্র্যাশ ঘটবে না!

সিডনিতে আয়োজিত এক হাই-প্রোফাইল সম্মেলনে অল্টম্যান অকপটে স্বীকার করেছেন, শুরুতে হোয়াইট-কলার বা কর্পোরেট দাপ্তরিক চাকরিগুলো বিলুপ্ত হওয়া নিয়ে তিনি নিজেই তীব্র আশঙ্কায় ছিলেন। কিন্তু বাস্তবে কাজের ক্ষেত্রে মানুষের পারস্পরিক যোগাযোগের মতো ‘মানবিক দিকটি’ যে কতটা অপূরণীয়, সেই ধ্রুব সত্য উপলব্ধি করার পর এখন তার সেই ভয় পুরোপুরি কেটে গেছে।

“আমি ভুল ছিলাম, এবং এতেই আমার আনন্দ!”

মঙ্গলবার সিডনিতে অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংক (CBA)-এর এক সম্মেলনে সিবিএ-এর প্রধান নির্বাহী ম্যাট কমিনের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে বসেন অল্টম্যান। সেখানে তিনি বলেন, ২০২২ সালে চ্যাটজিপিটি (ChatGPT) চালুর সময় প্রযুক্তির অগ্রগতি নিয়ে তাদের ধারণা মিললেও, এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের বিষয়ে তাদের অনুমান ‘বেশ ভুল’ প্রমাণিত হয়েছে।

অল্টম্যান বলেন,

“এই বিষয়ে আমার ধারণা ভুল প্রমাণিত হওয়ায় আমি সত্যিই আনন্দিত। ভেবেছিলাম, এআই-এর কারণে প্রাথমিক স্তরের দাপ্তরিক চাকরিগুলো চোখের পলকে বিলুপ্ত হয়ে যাবে; তবে বাস্তবে এখনও তেমনটা ঘটেনি। কেন এমন বড় বিপর্যয় ঘটেনি তা এখন আমি বুঝতে পারছি এবং এর জন্য আমি অবশ্যই কৃতজ্ঞ।”

তিনি আরও যোগ করেন, অনেকেই এখন তাকে বলছেন যে তিনি পৃথিবীকে অযথা ভয় আর হতাশার হাত থেকে বাঁচাতে পারতেন। তবে অল্টম্যানের মতে, সে সময় চাকরি হারানোটা বাস্তব এক ঝুঁকি ছিল এবং এই বিষয়ে কথা বলা জরুরি ছিল। আর এই ঝুঁকি কিন্তু এখনও পুরোপুরি কেটে যায়নি।

আমাজন-এইচএসবিসিতে ছাঁটাই, তবুও কেন আশাবাদী অল্টম্যান?

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে এইচএসবিসি, অ্যামাজন, স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং সিবিএ-এর মতো বিশ্বের শীর্ষস্থানীয় কিছু মেগা-কোম্পানি ঘোষণা করেছে যে, তাদের কিছু পদের কাজ এখন মানুষের বদলে এআই দিয়ে করানো হচ্ছে।

তাহলে অল্টম্যানের এই আকস্মিক আত্মবিশ্বাসের উৎস কী? উত্তর লুকিয়ে আছে তার এক ব্যক্তিগত অভিজ্ঞতায়।

মাঝখানে অল্টম্যান নিজের অফিশিয়াল স্ল্যাক (Slack) এবং ইমেইল বার্তার জবাব দেওয়ার জন্য এআই ব্যবহার করা শুরু করেছিলেন। মেসেজের নিচে লেখা থাকত ‘স্যামের এআই’। কিন্তু কিছুদিন পরই তিনি এই সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং নিজেই আবার উত্তর দেওয়া শুরু করেন।

নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে অল্টম্যান বলেন,

“এই ঘটনাটি আমার জন্য চমৎকার শিক্ষা ছিল, যেখানে আমি আসলেই বুঝতে পেরেছি মানুষের গুরুত্ব কতখানি। অন্য মানুষের সঙ্গে আমাদের এই সরাসরি যোগাযোগকে আমরা সত্যিই খুব প্রাধান্য দিই। শিগগিরই আমি এই কাজটি কোনো রোবট বা এআইয়ের হাতে ছেড়ে দেওয়ার কথা ভাবতেই পারছি না।”

১ ট্রিলিয়ন ডলারের লক্ষ্যে ওপেনএআই!

চাকরির বাজার নিয়ে অল্টম্যানের এই স্বস্তিদায়ক বার্তার সমান্তরালেই বাজিমাত করতে চলেছে তার কোম্পানি। অভ্যন্তরীণ সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, ওপেনএআই আগামী কয়েক সপ্তাহের মধ্যে মার্কিন শেয়ার বাজারে (Stock Market) তালিকাভুক্ত হওয়ার জন্য আইপিও (IPO) আবেদনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে।

এর আগে জানা গিয়েছিল, কোম্পানিটি ১ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য পাওয়ার মেগা-লক্ষ্য নিয়ে কাজ করছে এবং বাজার থেকে অন্তত ৬ হাজার কোটি ডলার পুঁজি তোলার ঐতিহাসিক পরিকল্পনা রয়েছে তাদের।