‘নতুন দল, নতুন উদ্যম…’! জিতের মুখে ‘নতুন সরকার’-এর জয়গান! কী বললেন ‘বস’?

রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজ্যে এই প্রথম দুর্গাপুজো। মহালয়ার দিন ইডেনের মেগা অনুষ্ঠান থেকে শুরু করে শহরজুড়ে চোখধাঁধানো আলো ও উৎসবের আমেজ— সব মিলিয়ে বাংলার পুজো এবার যে একেবারেই অন্যমাত্রায় পৌঁছেছে, তা স্পষ্ট। আর বিজেপি সরকারের আমলের এই রমরমা দুর্গোৎসব দেখে উচ্ছ্বসিত টলিপাড়ার সুপারস্টার জিৎ। নতুন সরকারের প্রশংসায় একেবারে পঞ্চমুখ হলেন অভিনেতা।

চতুর্থীর রাতে চিরচেনা মেজাজেই নিজের পাড়ার পুজো— সুরুচি সংঘে প্রতিমা দর্শন করতে হাজির হয়েছিলেন জিৎ। পরনে পেস্তা রঙের পাঞ্জাবিতে বরাবরের মতোই হ্যান্ডসম লুকে নজর কাড়েন তিনি। প্রতি বছরই এই পুজোয় আসেন অভিনেতা, তবে এবারের উৎসব তাঁর কাছে অনেকটাই স্পেশ্যাল।

সুরুচি সংঘের মণ্ডপ থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিৎ বলেন, “পুজোয় এসেছি মায়ের দর্শন করতে, আনন্দ করতে। এটা আমার পাড়ার পুজো। আমি আগেও এসেছি, এবারও এলাম। তবে এবার নতুন দল, নতুন সরকার, নতুন উদ্যম, নতুন এনার্জি রয়েছে। আর আগামী দিনে এই সরকারের হাত ধরেই আমাদের সকলকে এগিয়ে যেতে হবে।”

এদিন কেবল সুরুচি সংঘই নয়, সম্প্রতি কাঁথির নান্দনিক ক্লাবের পুজোও উদ্বোধন করেছেন জিৎ। যা কিনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাড়ার পুজো এবং তাঁরই ক্লাব বলেই পরিচিত। সেই প্রসঙ্গে বলতে গিয়ে অভিনেতা জানান, শিশির অধিকারীর সঙ্গে মঞ্চ শেয়ার করা এবং ওই মুহূর্তগুলোর সাক্ষী থাকা তাঁর কাছে অত্যন্ত সৌভাগ্যের ও আনন্দের বিষয় ছিল।

উল্লেখ্য, এ বছর পুজোয় জিতের কোনও নতুন সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও, তাঁর ঝুলিতে রয়েছে বড় সাফল্য। অগাস্ট মাসে মুক্তিপ্রাপ্ত তাঁর ছবি ভালো সাড়ার পর, সম্প্রতি চার বছর আগে মুক্তি পাওয়া তাঁর ‘রাবণ’ ছবির হিন্দি ডাবিং ভার্সন ঝড় তুলেছে ইউটিউবে। জিতের নিজস্ব প্রোডাকশন হাউসের ইউটিউব চ্যানেলে আসার মাত্র ছ’দিনের মধ্যেই ৮ মিলিয়নের বেশি ভিউ পার করে ফেলেছে ছবিটি। সব মিলিয়ে পেশাগত সাফল্য এবং নতুন রাজনৈতিক আবহে জিতের এই পুজো উদযাপন এখন টলিপাড়ায় অন্যতম আলোচনার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *