ফের আইনি জালে অভিষেক বন্দ্যোপাধ্যায়! এবার ভবানীপুর থানায় দায়ের এফআইআর

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্রমশ বাড়ছে আইনি জটিলতা। বিধাননগর সাইবার থানার পর এবার ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের হয়েছে। সম্প্রীতি বিঘ্নিত হতে পারে— এমন মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ছড়ানোর অভিযোগ তুলেছেন অর্ণবকান্তি দাস নামে এক ব্যক্তি।
অভিযোগের কারণ কী?
অভিযোগকারী অর্ণবকান্তি দাসের দাবি, গত ২ মে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট করেন। ওই পোস্টের ভাষা সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতি নষ্ট করতে পারে বলে অভিযোগ। একজন দায়িত্বশীল সাংসদ হয়ে এমন মন্তব্য কীভাবে করতে পারেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। অভিযোগের সপক্ষে সোশ্যাল মিডিয়া পোস্টের কপি পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে এবং এরই ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু করেছে ভবানীপুর থানা।
পিছু ছাড়ছে না বিতর্ক:
প্রসঙ্গত, লোকসভা নির্বাচন ও পরবর্তী সময়ে প্রচারের ভাষা নিয়ে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের এই শীর্ষ নেতা। এর আগে বাগুইআটির বাসিন্দা রাজীব সরকারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার থানায় অভিষেকের বিরুদ্ধে ৫টি ধারায় মামলা রুজু হয়। প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল এক জনসভায় বিজেপিকে আক্রমণ করে তিনি বলেছিলেন, “আমি দেখব, ৪ তারিখ রাত ১২টার পরে কে তাদের বাঁচাতে আসে। এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন বাবা তাদের উদ্ধার করতে আসে, সেটাও দেখব।” এই মন্তব্যের জেরেই ওই মামলা হয়েছিল।
হাইকোর্টে রক্ষাকবচ:
যদিও বিধাননগর সাইবার থানায় দায়ের হওয়া ওই এফআইআর-কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলায় তিনি ইতিমধ্যে আদালতের রক্ষাকবচ পেয়েছেন। তবে আইনি লড়াইয়ের মাঝেই নতুন করে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হওয়ায় তৃণমূল শিবিরের অস্বস্তি যে আরও বাড়ল, তা বলাই বাহুল্য।