গো-সেবায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যজ্ঞের পর মায়াপুরের ইসকন মন্দিরে বিশেষ প্রার্থনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই প্রশাসনিক কর্মকাণ্ডে গতি এনেছেন শুভেন্দু অধিকারী। গত মঙ্গলবার নদিয়ার কল্যাণীতে প্রথম প্রশাসনিক বৈঠক করার ঠিক একদিন পরেই, বৃহস্পতিবার মায়াপুরের ইসকন মন্দিরে পৌঁছলেন তিনি। এই সফর মূলত ধর্মীয় এবং গো-সেবার উদ্দেশ্যে সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।
ইসকন মন্দিরে বিশেষ কর্মসূচি:
বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ মায়াপুরে পৌঁছলে ইসকন মন্দিরের সন্ন্যাসীরা তাঁকে স্বাগত জানান। এরপরই মন্দিরের গোশালায় আয়োজিত বিশেষ পুজো ও যজ্ঞ অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী। যজ্ঞ শেষে তিনি বিগ্রহের সামনে সাষ্টাঙ্গে প্রণাম করেন। এরপর তিনি নিজহাতে গো-মাতাকে সেবা প্রদান করেন। আম ও মিষ্টি খাওয়ানোর পাশাপাশি গো-মাতাকে মালা পরিয়ে ভক্তি নিবেদন করেন তিনি। গোশালায় পুজো ও সেবার কাজ শেষ করে তিনি মন্দিরের মূল গর্ভগৃহে গিয়েও পুজো দেন।
প্রশাসনিক তৎপরতা:
মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে মায়াপুর চত্বরে এদিন ব্যাপক প্রশাসনিক তৎপরতা ও নিরাপত্তার কড়াকড়ি লক্ষ্য করা গেছে। গত মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক সেরে বুধবারই ফের নদিয়া জেলায় তাঁর এই উপস্থিতি রাজনৈতিক ও প্রশাসনিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
মায়াপুরের ইসকন মন্দির চত্বরে আধ্যাত্মিক কর্মসূচি শেষ করে এদিন বিকেলেই মুখ্যমন্ত্রী হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে।