অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ! কী কী ডকুমেন্টস লাগবে? জেনে নিন বিস্তারিত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, আগামী ১ জুন থেকে শুরু হতে চলেছে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া, যা চলবে পরবর্তী তিন মাস পর্যন্ত। এই প্রকল্পের আওতায় মহিলারা প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

আবেদন করবেন যেভাবে:
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন এবং অফলাইন—উভয় মাধ্যমেই আবেদন করা যাবে। আবেদনকারীরা সরকারি ওয়েবসাইট থেকে ফর্ম সংগ্রহ করতে পারবেন। এছাড়া যারা প্রযুক্তিগত বা অন্য কোনো সমস্যায় ফর্ম পূরণে অক্ষম, তাদের সহায়তার জন্য সরকারি আধিকারিক এবং স্থানীয় বিধায়করা বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করবেন। আগামী ১৫, ১৬ ও ১৭ তারিখ রাজ্যের প্রতিটি এলাকায় ‘জনকল্যাণ শিবির’ আয়োজন করা হবে, যেখানে ফর্ম পূরণের যাবতীয় সহযোগিতা পাওয়া যাবে।

১২ পাতার ফর্ম ও প্রয়োজনীয় নথি:
অন্নপূর্ণা যোজনার ফর্মটি ১২ পাতার। স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রকল্পের সঠিক সুবিধাভোগী নির্বাচনের জন্য সরকার এই বিস্তারিত ফর্মের ব্যবস্থা করেছে। আবেদনকারীকে যে তথ্যগুলি প্রদান করতে হবে তার মধ্যে রয়েছে:

পরিবারের প্রধানের নাম, জন্মতারিখ ও ঠিকানা।

আবেদনকারীর এবং পরিবারের সদস্যদের আধার নম্বর ও মোবাইল নম্বর।

পরিবারের প্রত্যেক প্রাপ্তবয়স্ক সদস্যের আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর।

জমির পর্চা বা প্রয়োজনীয় জমির নথি।

প্যান কার্ডসহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র।

মুখ্যমন্ত্রীর বার্তা:
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাধারণ মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “এটি একটি দীর্ঘমেয়াদী সরকারি সুবিধা। ফর্ম পূরণের জন্য তাড়াহুড়ো বা কোনো ধরনের হুড়োহুড়ি করার প্রয়োজন নেই। ৯০ দিন সময় রয়েছে, তাই শান্তভাবে আবেদন করুন। অন্নপূর্ণা যোজনার মাধ্যমে সরকার পরিবার সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করছে, যা ভবিষ্যতে অন্য সরকারি প্রকল্পেও সুবিধাভোগীদের চিহ্নিত করতে সাহায্য করবে।”

উল্লেখ্য যে, অন্নপূর্ণা যোজনায় নাম অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত মহিলারা আগের মতোই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতে থাকবেন। স্বচ্ছ তালিকা তৈরির লক্ষে সরকার এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান মুখ্যমন্ত্রী।