স্লিপার ক্লাসের টিকিট কেটেই ওঠা যায় AC-তে, টিটিই জানালেন নিয়ম, জেনে নিন কীভাবে

উৎসবের মরসুমে বা ছুটির দিনে এসি কোচের কনফার্ম টিকিট পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক যাত্রীই তখন বাধ্য হয়ে স্লিপার ক্লাসে যাতায়াত করেন। কিন্তু আপনি কি জানেন, স্লিপার কোচের টিকিট থাকা সত্ত্বেও নির্দিষ্ট নিয়ম মেনে আপনি এসি কোচে ভ্রমণের সুযোগ পেতে পারেন? সম্প্রতি এক টিটিই (TTE) এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।

কীভাবে পাবেন এসিতে সিট? আপনার যদি স্লিপার কোচের টিকিট থাকে এবং ট্রেনে এসি কোচে সিট ফাঁকা থাকে, তবে আপনি এসি কামড়ায় ভ্রমণের সুযোগ পেতে পারেন। সেক্ষেত্রে যা করতে হবে:

  • যোগাযোগ: ট্রেন ছাড়ার পর টিটিই-এর সাথে দেখা করুন এবং সিট আপগ্রেড করার জন্য বিনম্র অনুরোধ করুন।

  • ভাড়ার পার্থক্য: স্লিপার কোচ এবং এসি কোচের ভাড়ার যে পার্থক্য, তা আপনাকে মিটিয়ে দিতে হবে। উদাহরনস্বরূপ, যদি স্লিপার কোচের ভাড়া ৫০০ টাকা হয় এবং এসি ৩ টিয়ারের ভাড়া ১২০০ টাকা হয়, তবে আপনাকে অতিরিক্ত ৭০০ টাকা প্রদান করতে হবে।

  • শর্ত: এসি কামড়ায় সিট ফাঁকা থাকলেই কেবল এই সুবিধা মিলবে। সিট ভর্তি থাকলে টিটিই অনুমতি দিতে পারবেন না।

সতর্কতা: অনেক সময় যাত্রীরা টিটিই-এর অনুমতি না নিয়েই নিজে থেকে এসি কামড়ায় গিয়ে বসে পড়েন। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রেলের নিয়ম অনুযায়ী: ১. অনুমতি ছাড়া এসি কোচে ধরা পড়লে আপনাকে শুধুমাত্র অতিরিক্ত ভাড়াই দিতে হবে না, সাথে মোটা অঙ্কের জরিমানা (Penalty) দিতে হতে পারে। ২. টিটিই চাইলে আপনাকে পরবর্তী স্টেশনেই নামিয়ে দিয়ে স্লিপার কোচে পাঠিয়ে দিতে পারেন। ৩. ভিড়ের সময় এসি কামড়ায় দাঁড়িয়ে যাওয়ার অনুমতি সাধারণত দেওয়া হয় না। জায়গা ফাঁকা না থাকলে আপনাকে আগের কামড়াতেই ফিরে যেতে হবে।

রেলের অটো-আপগ্রেড সুবিধা: রেলের টিকিট বুকিংয়ের সময় একটি ‘অটো-আপগ্রেড’ (Auto-Upgrade) অপশন থাকে। আপনি যদি সেই অপশনটি সিলেক্ট করে রাখেন, তবে সিট ফাঁকা থাকলে রেল কর্তৃপক্ষ নিজের থেকেই আপনার টিকিট আপগ্রেড করে দিতে পারে। এতে অতিরিক্ত টাকা দেওয়ার ঝামেলা থাকে না।

মনে রাখবেন: রেলের নিয়ম অনুযায়ী, যাত্রীকে সেই কামড়াতেই যাতায়াত করতে হয় যেটির টিকিট তিনি কেটেছেন। তাই নিজে থেকে নিয়ম ভেঙে এসি কোচে না গিয়ে, টিটিই-এর মাধ্যমে আইনি ও বৈধ উপায়ে সিট পাওয়ার চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ।