“SIR-এ নাম DELET হওয়া মানে নাগরিকত্ব চলে যাওয়া নয়”-স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ভোটার তালিকা সংশোধন বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়া নিয়ে বড় স্বস্তি পেল নির্বাচন কমিশন। বুধবার এক গুরুত্বপূর্ণ রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন SIR প্রক্রিয়া চালাতে পারে। কমিশনের এই পদক্ষেপে কোনো সাংবিধানিক ত্রুটি নেই বলে পর্যবেক্ষণ প্রধান বিচারপতির বেঞ্চের।

কী জানাল সুপ্রিম কোর্ট? প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এদিন সাফ জানিয়ে দেয় যে, সংবিধানের ৩২৬ নম্বর ধারা এবং ১৯৫০ সালের ‘রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট’ অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের পূর্ণ অধিকার কমিশনের রয়েছে। আদালতের মতে, SIR প্রক্রিয়া বর্তমান নির্বাচনী আইনকে খর্ব করে না, বরং নির্বাচনকে স্বচ্ছ করতে কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনে সহায়তা করে।

নাম কাটা নিয়ে বিভ্রান্তি দূর করল আদালত SIR প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক মহলে যে বিতর্ক ছিল, তার উত্তরও দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, “SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে কারো নাম বাদ যাওয়ার অর্থ এই নয় যে, ওই ব্যক্তির নাগরিকত্ব চলে গিয়েছে।” আদালত জোর দিয়ে বলেছে, নির্বাচন কমিশনের অনুসন্ধান কেবল ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত বা বাদ দেওয়ার বিষয়টির মধ্যেই সীমাবদ্ধ থাকে। এর সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই।

তৃতীয় দফার SIR-এর প্রস্তুতি আদালতের এই রায়ের ফলে কমিশনের কাজ আরও গতি পেল। আগামী ৩০ মে থেকে দেশজুড়ে শুরু হতে চলেছে তৃতীয় দফার SIR প্রক্রিয়া। দেশের ১৬টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার নিবিড় সংশোধন করা হবে।

রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বিভিন্ন মহলে দাবি উঠেছিল যে, SIR-এর মাধ্যমে ভোটার তালিকা সংশোধন হওয়ায় নির্বাচনের ফলাফলে প্রভাব পড়ছে। এমনকি এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়েছিল। কিন্তু এদিন দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করতে কমিশন তার এক্তিয়ারের বাইরে কোনো কাজ করেনি। আদালতের এই রায় আগামী দিনে নির্বাচনী প্রক্রিয়ায় শৃঙ্খলা ফেরাতে বড় ভূমিকা নেবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।